২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নৌকাডুবিতে সাত জন নিখোঁজ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোবার হাওরে বুধবার রাতে নৌকাডুবিতে ছয় জন এবং বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে ঝড়ে নৌকা থেকে পড়ে গিয়ে এক জন নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:40 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

সিলেট, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লোবার হাওরে বুধবার রাতে নৌকাডুবিতে ছয় জন এবং বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে ঝড়ে নৌকা থেকে পড়ে গিয়ে এক জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার লোবার হাওরে নৌকাটির সন্ধান পাওয়া গেলেও নিখোঁজদের উদ্ধার করা যায়নি। এলাকাবাসী জানায়, কিশোরগঞ্জ থেকে ১৬ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামে আসার পথে রাত সাড়ে আটটার দিকে লোবার হাওরে ঢেউয়ের তোড়ে যুবে যায়। নৌকার ১০ যাত্রী সাঁতরে কূলে উঠতে পারলেও ছয় জনের সন্ধান মেলেনি। নিখোঁজরা হলেন, তাহিরপুর উপজেলার পুরানঘাট গ্রামের জমিলা খাতুন (৭০), মন্তাজ মিয়া (৬০), হলুদ মিয়া (৪৫) ও আহাম্মদ আলী (৬০) এবং ব্রাম্মনগাঁও গ্রামের বাবুল মিয়া(২৮) ও মধুয়ার চর গ্রামের ইসলাম উদ্দিন (২৫)। তাহিরপুর থানার উপপরিদর্শক মো.আব্দুল্লাহ ভূইয়া টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। নৌকাটির সন্ধান পাওয়া গেলেও প্রচন্ড স্রোতের কারণে তা তোলা যাচ্ছে না। হাওরে দুটি কার্গো দিয়ে নিঁখোজদের উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। এদিকে বুধবার রাত ৯ টার দিকে করচার হাওরের ধরের পাড় নামক স্থানে প্রচণ্ড ঢেউয়ে শংকর দাস (৩৭) নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, তাকে উদ্ধারের চেষ্টা চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮৩৯ ঘ.