২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে র‌্যাবের 'ক্রসফায়ারে' যুবক নিহত

রাজধানীর শাহআলী থানা এলাকায় বুধবার গভীর রাতে র‌্যাবের 'ক্রসফায়ারে' মো. মনছুর (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:07 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহআলী থানা এলাকায় বুধবার গভীর রাতে র‌্যাবের 'ক্রসফায়ারে' মো. মনছুর (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত মনছুর পল্লবী থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে দাবি করেছে র‌্যাব। র‌্যাব-৪ এর উপ-সহকারি পরিচালক ইলিয়াছ মিয়া শাহআলী থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন। শাহআলী থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোড়ান চটবাড়ি বেড়িবাঁধ এলকায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব-৪ এর একটি দল বুধবার রাত তিনটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে একটি রিভলবারসহ গুলিবিদ্ধ অবস্থায় মনছুরকে আটক করে। পরে শাহআলী থানা পুলিশের একটি দল মনছুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপ-পরিদর্শক জাহাঙ্গীর জানান, মনছুরের বিরুদ্ধে শাহআলী থানায় কোনো মামলা নেই। তবে তার বিরুদ্ধে পল্লবী থানায় মামলা রয়েছে বলে র‌্যাবের এজাহারে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/১৭৫৬ ঘ.