২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় কৃষি কর্মকর্তাকে মারধর করেছে সার নিতে আসা কৃষকরা

চাহিদা মতো সার না পেয়ে নিয়ামতপুর উপজেলার গাবতলীতে বৃহস্পতিবার দুই কৃষি কর্মকর্তাকে মারধর করেছে কৃষকরা। ওই সময় কৃষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 12:06 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

নওগাঁ, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাহিদা মতো সার না পেয়ে নিয়ামতপুর উপজেলার গাবতলীতে বৃহস্পতিবার দুই কৃষি কর্মকর্তাকে মারধর করেছে কৃষকরা। ওই সময় কৃষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়াও হয়। নিয়ামতপুর থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, সকাল ১১ টার দিকে নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের প্রায় দুই হাজার কৃষক গাবতলী বাজারের সার ডিলার আব্দুল মতিনের গুদামে সার নিতে আসেন। চাহিদা মফিক সার না দেওয়ায় কৃষকরা বিক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত উপ-সহকারী কৃষি প্রকৌশলী নাজিম উদ্দিন ও তনয় কুমারকে মারধর করে। এক পর্যায়ে কৃষকরা গুদাম সংলগ্ন ইউপি চেয়ারম্যানের কার্যালয়ও ভাংচুর করে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে কৃষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আব্দুর রাজ্জাক জানান, কৃষকদের ছোড়া ইটের আঘাতে দুই কনস্টেবল আহত হন। পরে যৌথবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কৃষি কর্মকর্তা নাজিম উদ্দিন ও তনয় কুমারসহ আহত পুলিশ কনস্টেবল আনসার আলী ও সেকেন্দার আলীকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পর যৌথবাহিনীর উপস্থিতিতে ১২০০ বস্তা সার কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৭৫২ ঘ.