২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিকের সন্তানের আর্তি: "এখন আমরা কি খাবো ,কোথায় যাবো?"

জেলার পিপলস জুটমিল স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনের স্বার্থে স্কুল বন্ধ না করা ও মিলে ছাটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে মিল চালু রাখার দাবীতে সহস্রাধিক ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা বুধবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এছাড়া জেলার পিপলস ও প্লাটিনাম পাটকলের দুর্গত শ্রমিক এবং তাদের পরিবারকে অনাহার থেকে বাঁচাতে বৃহস্পতিবার থেকে খালিশপুরে লঙ্গরখানা খুলছে জাতীয় ত্রাণ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 05:03 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

খুলনা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) জেলার পিপলস জুটমিল স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনের স্বার্থে স্কুল বন্ধ না করা ও মিলে ছাটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করে মিল চালু রাখার দাবীতে সহস্রাধিক ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা বুধবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এছাড়া জেলার পিপলস ও প্লাটিনাম পাটকলের দুর্গত শ্রমিক এবং তাদের পরিবারকে অনাহার থেকে বাঁচাতে বৃহস্পতিবার থেকে খালিশপুরে লঙ্গরখানা খুলছে জাতীয় ত্রাণ কমিটি। মানববন্ধন কর্মসূচিতে সপ্তম শ্রেণীর ছাত্র শরিফুল ইসলাম বলে," মিল বন্ধ এবং আমাদের বাবা-মাকে চাকরি থেকে ছাটাই করা হলে তারা কি আর আমাদেরকে লেখাপড়া করাতে পারবেন?" নিজেদের চরম দুরবস্থার কথা বর্ণনা করে শরীফ বলে "এর মধ্যেই অর্ধাহারে,অনাহারে থেকেও কোন মতে লেখাপড়া করছি। এখন তো আমাদের বাবা-মায়ের চাকরি নেই। এই অবস্থায় এখন আমরা কোথায় যাব? কি খাব, আর আমাদের লেখাপড়ার কি হবে?" শরীফ দুর্নীতিবাজদের বিচার ও নিরপরাধ শ্রমিক-কর্মচারীদের ছাটাইয়ের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানায়। শিক্ষক-শিক্ষিকারা বলেন, আমরা ছাত্র-ছাত্রীদেরকে পাটকে 'সোনালী আঁশ' হিসাবে পড়িয়েছি, আর এই সোনালী আঁশকে নিয়ে অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতেই গড়ে উঠেছিল এই সব জুটমিল।" তারা প্রশ্ন করেন, শিক্ষার্থীরা কেন দুর্নীতিবাজদের অন্যায়ের প্রায়শ্চিত্ত করবে। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, শঙ্কর কুমার মজুমদার, ইউনুস আহমেদ, রবিউল আলম ও আলেয়া বেগম। এদিকে জাতীয় ত্রাণ কমিটি পরিচালিত খুলনার পিপলস জুট মিল ও প্লাটিনাম জুবিলী জুট মিলে লঙ্গরখানা বৃহস্পতিবার দুপুর ১টা থেকে শুরু হয়ে তিন দিন চলবে । জাতীয় ত্রাণ কমিটিতে রয়েছেন বিচারপতি গোলাম রব্বানী, ড. কামাল হোসেন, ড. হামিদা হোসেন, অ্যাডভোকেট সুলতানা কামাল, আতাউস সামাদ, সিমিন হোসেন রিমি, ড. মুহম্মদ জাফর ইকবাল, ড. আতিউর রহমান, অধ্যাপক ড. আ আ ম স আরেফীন সিদ্দিক, আবুল নাসের খান, শাহরিয়ার জেড আর ইকবাল, ড. শামসুল আলম, গোলাম মোর্তজা, ড. ইয়াসিন হক, স্বদেশ রায়, শুভ কিবরিয়া, আলমগীর কবির প্রমুখ। উল্লেখ্য, গত ১০ জুলাই খুলনার পিপলস জুট মিলের তিন হাজার ১৯৯ জন শ্রমিক কর্মচারীকে ছাঁটাই করা হয়। এর একদিন পরই তাদের বাসা ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। গত ১৯ এপ্রিল খুলনার পিপলস জুট মিলসহ চারটি রাষ্ট্রায়ত্ত পাটকল লে-অফ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে প্লাটিনাম, স্টার ও ক্রিসেন্ট পাট কলের আংশিক লে-অফ প্রত্যাহার করা হলেও পিপলস পাট কলের লে-অফ তিন দফা বাড়ানো হয়। সর্বশেষ লে-অফের মেয়াদ শেষ হয় ১০ জুলাই। আর ওই দিনই আসে ছাঁটাইয়ের নির্দেশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/এসকে ২২৫৭ ঘ.