২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ জনকে দুদকের লাল নোটিশ

আওয়ামী লীগের কারারুদ্ধ সাধারণ সম্পাদক আবদুল জলিল, এফবিসিসিআই'র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু ও সিলেটের মেয়র বদরউদ্দিন আহম্মেদ কামরানসহ ২০ জনকে সম্পত্তির হিসাব দাখিলের জন্য "লাল নোটিশ" পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার দুদক থেকে সম্পত্তির হিসাব বিবরণী দাখিলের নোটিশ গ্রহণ করেছেন। এর আগে একই সঙ্গে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে পাঠানো নোটিশটি মঙ্গলবার গ্রহণ করেন মহা কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 02:24 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কারারুদ্ধ সাধারণ সম্পাদক আবদুল জলিল, এফবিসিসিআই'র সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু ও সিলেটের মেয়র বদরউদ্দিন আহম্মেদ কামরানসহ ২০ জনকে সম্পত্তির হিসাব দাখিলের জন্য "লাল নোটিশ" পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বুধবার দুদক থেকে সম্পত্তির হিসাব বিবরণী দাখিলের নোটিশ গ্রহণ করেছেন। এর আগে একই সঙ্গে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে পাঠানো নোটিশটি মঙ্গলবার গ্রহণ করেন মহা কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান । দুর্নীতি দমন কমিশন সচিব মোখলেস উর রহমান বুধবার বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, খালেদা জিয়া বুধবার নিজেই তাকে পাঠানো নোটিশটি গ্রহণ করেন। দুদক সচিব জানান, দ্বিতীয় ও তৃতীয় তালিকা থেকে বাদ পড়া আরো ২০ জনকে বুধবার সম্পত্তির হিসাব বিবরণী জমা দেওয়ার নোটিশ পাঠানো শুরু হয়েছে। দু'একদিনের মধ্যে সবার কাছে নোটিশ পাঠানোর কাজ শেষ হবে। এদের মধ্যে ছয়জন আওয়ামী লীগের, আটজন বিএনপির, দুইজন জামায়াত ও একজন এলডিপির নেতা, একজন ব্যবসায়ী নেতা, একজন স্বতন্ত্র সাংসদ এবং একজন সাবেক আমলা। আওয়ামী লীগের নেতারা হলেন- কারাবন্দি সাধারণ সম্পাদক আবদুল জলিল, সিলেটের মেয়র বদরউদ্দিন আহম্মেদ কামরান, সুনামগঞ্জের সাবেক সাংসদ মহিবুর রহমান মানিক, সাবেক মন্ত্রী সৈয়দা সাজেদা চৌধুরীর ছেলে শাহাদৎ আকবর চৌধুরী লাবু, সাবেক সাংসদ কামাল মজুমদারের ছেলে জুয়েল মজুমদার এবং সাবেক প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দিপু চৌধুরী। বিএনপি নেতারা হলেন- রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনু, কুষ্টিয়ার সাবেক সাংসদ অধ্যাপক শহীদুল ইসলাম, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডা. এমএ হাদী, রাজশাহীর সাবেক সাংসদ নাদিম মোস্তফা, সাবেক প্রধান হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আকতার হামিদ পবন, চট্টগ্রামের সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজামের ভাই মারুফ নিজাম , টেকনাফের পৌর চেয়ারম্যান আব্দুর রহমান বদি এবং কেরানীগঞ্জের শুভাড্ডা ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দিন । দুই জামায়াত নেতা হলেন- কুমিল্লার ডা. আব্দুল্লাহ মো. তাহের এবং সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম। এলডিপি নেতা সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহম্মেদ ও এফবিসিসিআই'র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুকে নোটিশ পাঠানো হয়েছে। এছাড়া সাবেক স্বতন্ত্র সাংসদ হেদায়েতউল্লাহ ও সড়ক ও জনপথ বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী ফয়জুর রহমানকেও সম্পত্তির হিসাব দেয়ার নোটিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএআর/এসকে/২০১৮ ঘ.