ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, খুলনা ও সিরাজগঞ্জের বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) ৪টি কারখানা বন্ধ করে দিয়ে এর ৬ হাজার ৩৭৩ জন শ্রমিককে অবসর (গোল্ডেন হ্যান্ডশেক) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে বিজেএমসির আরো ১৮টি কারখানার ৭ হাজার ৬২৭ জনকেও স্বেচ্ছায় অবসর দেওয়া হবে।
শিল্প, বস্ত্র ও পাট বিষয়ক উপদেষ্টা গীতিআারা সাফিয়া চৌধুরী বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সচিবালয়ে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ''প্রতিষ্ঠানগুলো অলাভজনক হওয়ায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এতে সরকারের ব্যয় হবে ১ হাজার ৩৬৭ কোটি টাকা।''
গীতিআরা সাফিয়া চৌধুরী জানিয়েছেন, পাট কল কর্পোরেশনের খুলনার পিপল্স জুট মিল, চট্টগ্রামের কর্ণফুলী জুট মিল ও হোরাট কর্ণফুলী কার্পেট ফ্যাক্টরি এবং সিরাজগঞ্জের কওমী জুট মিলের অবস্থা এমন যে এগুলোকে কোনো অবস্থাতেই আর লাভজনক করা সম্ভব হবে না। এ জন্য সরকার এই চারটি প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়ে ব্যক্তি মালিকানায় হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
মিলগুলো লোকসানে যাওয়ার ৫টি মূল কারণ উল্লেখ করে উপদেষ্টা জানান, প্রতিবছর এই ২২টি পাট কল ৪২১ কোটি টাকা লোকসান দেয়। এরমধ্যে ১৪০ কোটি টাকা লোকসান হয় যথাসময়ে পাট কিনতে না পারার কারণে। আর শ্রমিক অসন্তোষের কারণে লোকসান হয় আরও ৩০ কোটি টাকা।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "২০০৬ সালের জুন পর্যন্ত পুঞ্জিভুত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৭৭০ কোটি টাকা। এই দেনার পরিমাণ কমিয়ে আনা এবং মিলগুলোর তহবিল সৃষ্টির জন্য সরকার ২২টি মিলের ১২০ একর জমি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া আদমজী জুট মিলসহ যেসব পাটকলের জমি নামমাত্র মূল্যে বেপজাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়েছে তার অর্থ আদায়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।"
এদিকে, ২২টি পাটকলের মধ্যে ১৮টিতে এ মাস থেকে পাট কেনা শুরু হচ্ছে বলে জানিয়েছেন গীতিআরা সাফিয়া চৌধুরী।
তিনি জানান, যথা সময়ে কারখানাগুলো চালু করার প্রয়োজনে এবং লাভজনক করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে পাট কেনার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাট মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হলে দু'একদিনের মধ্যে অর্থ মন্ত্রণালয় অর্থ ছাড় করার ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএম/এসি/১৩৪৫ ঘ.
bdnews24