সাতক্ষীরা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- জেলা সদর ও তালা উপজেলা থেকে বুধবার তিন 'চরমপন্থী'কে গ্রেপ্তার করা হয়েছে।
তালা উপজেলায় তিনটি অস্ত্রসহ মঙ্গলবার রাতে দুই 'চরমপন্থী'কে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, কলিয়া গ্রামের ইমরুল কবির (২৮) ও শাহাপুর গ্রামের আমিনুর রহমান (৩০)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর র্যাব সদস্যরা তাদের স্বীকারোক্তি অনুযায়ী শিবপুর গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে একটি দেশি বন্দুক, একটি পাইপগান ও একটি শাটারগান উদ্ধার করা হয়।
বুধবার সকালে ইমরুল ও আমিনুরকে তালা থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা চরমপন্থী নেতা মৃণালের নেতৃত্বাধীন বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য।
এদিকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা শাহাদাত ফকিরকে বুধবার দুপুরে জেলা শহরের তালতলা এলাকায় গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
শাহাদাত ফকিরের বাড়ি তালা উপজেলার শ্রীমন্তকাটি গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭০৩ ঘ.
bdnews24