২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার গ্রেপ্তার নিয়ে আইন উপদেষ্টার মন্তব্য বিভ্রান্তিকর: এনায়েতুর রহিম

শেখ হাসিনার গ্রেপ্তার নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম। হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের কৌশল ঠিক করতে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সভাপতির কক্ষে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2007, 01:23 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার গ্রেপ্তার নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম। হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের কৌশল ঠিক করতে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সভাপতির কক্ষে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের অনানুষ্ঠানিক এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এনায়েতুর রহিম বলেন, "মইনুল হোসেন বলেছেন, শেখ হাসিনার মামলাটি জরুরি বিধিমালার আওতায় আনা হয়েছে। কিন্তু সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী অপরাধ সংঘটিত হওয়ার সময় বিদ্যমান আইনে এর বিচার হতে হবে। মামলার ঘটনাটি আট বছর আগের। সেক্ষেত্রে এ মামলাকে জরুরি ক্ষমতায় অন্তর্ভুক্ত করা হলে তা হবে সংবিধান ও জরুরি ক্ষমতা বিধিমালার লঙ্ঘন।" মামলার অভিযোগপত্র দেওয়ার সুবিধার জন্য হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইন উপদেষ্টার বক্তব্যের জবাবে এনায়েতুর রহিম বলেন, কারো বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে কিনা তা বলতে পারেন মামলার তদন্তকারী কর্মকর্তা। মইনুল হোসেনের এই বক্তব্যের কারণে প্রশ্ন দেখা দিয়েছে যে এই মামলাটি বিশেষ কোনো জায়গা থেকে তদারকি করা হচ্ছে কিনা। বিকেল পৌনে তিনটা থেকে পৌনে চারটা পর্যন্ত প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুুবে আলম, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সাবেক সাংসদ রহমত আলী, সুব্রত চৌধুরী, মমতাজ উদ্দিন মেহেদী, রবিউল আলম বুদু প্রমুখ। অ্যাডভোকেট এনায়েতুর রহিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনাকে কীভাবে আইনি সহায়তা দেওয়া যায় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তিনি বলেন, "আওয়ামী লীগ সভানেত্রীর জামিনের জন্য জজ কোর্টে আবেদন জানানো হবে, সেখানে আবেদন মঞ্জুর না হলে আমার হাইকোর্টে যাব।" এনায়েতুর রহিম আরও বলেন, "শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী। জামিন পেলে তিনি তো পালিয়ে যেতেন না। তাকে জামিন না দেওয়া কী ইঙ্গিত বহন করে?" প্রসঙ্গত সোমবার দুপুরে সচিবালয়ে আইন উপদেষ্টা বলেছিলেন, চাঁদাবাজির মামলায় অভিযোগপত্র দেওয়ার জন্য হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলার অন্য আসামিরা আগেই গ্রেপ্তার হয়েছেন। আওয়ামী লীগ নেতা শেখ সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মামলাটি দ্রুত নিস্পত্তির জন্য জরুরি ক্ষমতা বিধিমালায় তদন্ত করা হয়েছে। মইনুল হোসেন জানান, জরুরি ক্ষমতা আইনে অভিযোগপত্র দিতে গেলে হাসিনাকে পলাতক আসামি দেখাতে হতো। কিন্তু সেটি করা সম্ভব নয়। তাছাড়া এই মামলার প্রাথমিক তদন্তে হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এসএনডি/এমএইচবি/এসকে/১৮৪৯ ঘ.