পাবনা, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনাকে গ্রেপ্তারের প্রতিবাদে মিছিল করার ঘটনায় পাবনা সদর ও সুজানগর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। এদিকে শেখ হাসিনার মুক্তি দাবিতে মঙ্গলবার দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজে মিছিল করে ছাত্রলীগ।
জরুরি অবস্থার মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল করার অভিযোগে সদর থানায় মামলাটি করেন থানার সহকারী উপপরিদর্শক কামরুজ্জামান। মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাত সংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামী করা হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল শাফি।
সুজানগর থানায় দায়ের করা মামলার বাদী হয়েছেন ওই থানার সহকারী উপপরিদর্শক মোহাম্মদ সেলিম। এ মামলায়ও কারও নাম উল্লেখ করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫৮ ঘ.
bdnews24