১৭ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষের পাশে তিনটি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। বেলা ১১টা ৩২ মিনিটের দিকে ঘটা এ ঘটনা সম্পর্কে উপাচার্য এস এম এ ফায়েজ বলেছেন,"এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটাকে বড় করে দেখা ঠিক নয়।"
কে বা কারা বিস্ফোরন ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি শাহবাগ থানা পুলিশ। তবে থানার এস আই মোর্শেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরন ঘটানো হয়।
বিস্ফোরনের পরপরই নীল রংয়ের একটি গাড়ী রেজিস্ট্রার ভবন এলাকা থেকে দ্রুত বের হয়ে যেতে দেখেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র-ছাত্রী।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাঙ্গনে ছাত্র ধর্মঘট চলার সময়েই এই বিস্ফোরন ঘটেছে।
একটি ককটেলের বিস্ফোরণ ঘটে উপাচার্যের কক্ষ সংলগ্ন সম্মেলন কক্ষের দেওয়ালে। বাকি দু'টি রাস্তায় বিস্ফোরিত হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফায়েজ বলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটাকে বড় করে দেখা উচিত নয়। ছাত্র-শিক্ষক সবাই বিশ্ববিদ্যালয়ে সুন্দর পরিবেশ চায়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তিনি ছাত্র-শিক্ষকসহ সকলের সাহায্য কামনা করেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। এ নিয়ে শঙ্কার কিছু নেই। এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের যে কোনো স্থানে ঘটতে পারতো। তিনি বলেন, আশা করবো সবাই সচেতন থাকবে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাড়ানো হবে কিনা বা কোনো তদন্ত কমিটি গঠণ করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত নিরাপত্তার চেয়ে বেশি জরুরি হলো সকলের সচেতনতা। তবে যদি দেখি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাহলে নিরাপত্তা জোরদার করা হবে।
পুলিশের রমনা জোনের সহকারি কমিশনার আনিসুর রহমানও ছিলেন ঘটনাস্থলে। তিনি জানান, এটা শব্দ-উৎপাদক কোনো পটকা ধরণের বোমা বা ককটেল। আমরা এখান থেকে টিনের কৌটার ভাঙ্গা অংশ, লাল ট্যাপ আলামত হিসেবে সংগ্রহ করেছি।
বোমা বিস্ফোরণ ঘটনার প্রত্যক্ষদর্শী রেজিস্ট্রার ভবনের নিরাপত্তারক্ষী গোলাম মোস্তফা জানান, সাড়ে ১১টার একটু পরে উপাচার্যের কার্যালয়ের জানালার পাশে তিনি বোমাগুলো বিস্ফোরিত হতে দেখেছেন। তখন রেজিস্ট্রার ভবনের ফটকে দাঁড়িয়েছিলেন তিনি। কয়েকহাত দূরেই বোমাগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরনের পর একটু ধোঁয়া দেখেছেন।
গোলাম মোস্তফা বলেন, তিনি বোমা নিক্ষেপকারীকে দেখেননি। তার ধারণা, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ভেতর থেকে কেউ বোমা তিনটি ছুঁড়ে মারতে পারে। রেজিস্ট্রার ভবনের সীমানা প্রাচীরের ভেতর থেকে মারলে তারা দেখতে পেতেন।
বিস্ফোরণের পর প্রচুর পুলিশ, আর্মড পুলিশ, সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে আসে।
এছাড়া ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কারণে ক্যাম্পাসের প্রতিটি মোড়েই পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বিস্ফোরনের শব্দে কলা ভবন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে কিছুটা আতংক ছড়িয়ে পড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এএইচডি-ইএইচবি/জিএমএ/এসি/১৪১২ ঘ.
bdnews24