২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাহান সিরাজ, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আয়কর ফাঁকির অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া হায়দার ও ছেলে রাজিব সিরাজ অপুর বিরুদ্ধে আলাদা ১১ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়কর ফাঁকির অভিযোগে সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজ, তার স্ত্রী রাবেয়া হায়দার ও ছেলে রাজিব সিরাজ অপুর বিরুদ্ধে আলাদা ১১ টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার বিকাল ৫ টায় ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হকের আদালতে জাতীয় রাজস্ব বোর্ডের তিন কর্মকর্তা বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। বিচারক ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ ও জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর আওতায় মামলাগুলো গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৩ জুলাই ধার্য করা হয়েছে। বিকাল ৩ টায় সার্কেল- ৫৩, কর অঞ্চল- ৫ এর সহকারি কর কমিশনার মোছাম্মৎ রহিমা খাতুন শাহজাহান সিরাজের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, ২০০৩-০৪ করবর্ষে দাখিল করা আয়কর রিটার্নে বিভিন্ন খাতে ব্যয় করা ৯ লাখ ১৯ হাজার ৮০৯ টাকা প্রদর্শন না করে ২ লাখ ৪৭ হাজার ৬৪ টাকা কর ফাঁকি দিয়েছেন শাহজাহান সিরাজ। রাবেয়া হায়দারের বিরুদ্ধে কর ফাঁকির পাঁচটি মামলা করেন সহকারি কর কমিশনার (কন্ট্রাক্টর) প্রতাপ চন্দ্র পাল। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত রাবেয়া ২০০৬-০৭ করবর্ষে ৫৮ হাজার ৬১৯ টাকা, ২০০৩-০৪ করবর্ষে ৪ হাজার ৮০০ টাকা, ১৯৯৭-৯৮ করবর্ষে ৮৫ হাজার ৯৩৬ টাকা, ১৯৯৫-৯৬ করবর্ষে এক লাখ ৩৬ হাজার ৩৫৭ টাকা এবং ১৯৮৮-৮৯ করবর্ষে ৫ হাজার ৫৬৬ টাকা কর ফাঁকি দিয়েছেন। রাজিব সিরাজ অপুর বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে পাঁচটি মামলা দায়ের করেন উপ কর কমিশনার আবুল কালাম আজাদ। মামলাগুলোতে তিনি অভিযোগ করেন, রাজিব প্রিকাস্ট কনক্রিট ইন্ডাস্ট্রিজ লি. এর একজন পরিচালক। তিনি ২০০৩-০৪ করবর্ষে ৬৩ হাজার ৭৯ টাকা, ২০০৫-০৬ করবর্ষে ৫ লাখ ৭৪ হাজার ৮২৭ টাকা, ২০০৫-০৬ করবর্ষে ৭৯ হাজার ১৯ টাকা, ২০০২-০৩ করবর্ষে ২ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং ২০০৪-০৫ করবর্ষে ১২ লাখ ৬২ হাজার ১০৬ টাকা কর ফাঁকি দিয়েছেন। এছাড়া কর ফাঁকির মামলায় শাহজাহান সিরাজের ছেলের স্ত্রী ফারজানা খানের বিরুদ্ধে একই আদালতে গ্রেপ্তারি পরোয়ানা তামিল না হয়ে ফেরত আসলে বিচারক ২২ জুলাই হুলিয়া জারির প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসএনডি/২০২৯ ঘ.