২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতেই এই সাজানো মামলা: আদালতে হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, "গণতন্ত্রকে হত্যা করার জন্য আমাকে গ্রেপ্তার করা হয়েছে। মিথ্যা, সাজানো এ মামলায় আমাকে সাজা দেওয়া হতে পারে যাতে আমি নির্বাচনে অংশ নিতে না পারি। এ মুহুর্তে নির্বাচন দিলে আওয়ামী লীগ শতকরা আশি ভাগ ভোট পেয়ে নির্বাচিত হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2007, 07:47 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, "গণতন্ত্রকে হত্যা করার জন্য আমাকে গ্রেপ্তার করা হয়েছে। মিথ্যা, সাজানো এ মামলায় আমাকে সাজা দেওয়া হতে পারে যাতে আমি নির্বাচনে অংশ নিতে না পারি। এ মুহুর্তে নির্বাচন দিলে আওয়ামী লীগ শতকরা আশি ভাগ ভোট পেয়ে নির্বাচিত হবে।" সোমবার সকাল সাড়ে নয়টা থেকে ১০টা ১৭ মিনিট পর্যন্ত ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শেখ হাসিনা এ কথা বলেন। হাসিনা বলেন, রাতে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে গ্রেপ্তারি পরোয়ানা দেখাতে বলেন। কিন্তু তারা তা দেখাতে পারেননি। তিনি বলেন,"আমি সারাজীবন ন্যায় ও সততার সঙ্গে চলেছি। আমার ছেলের বউ অসুস্থ, আমার নাতি হয়েছে, কিন্তু আমাকে যুক্তরাষ্ট্র যেতে দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কারণ আমি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলি, অর্থনৈতিক মুক্তির জন্য আন্দোলন করেছি।" আদালতে সাবেক প্রধানমন্ত্রী বলেন, "আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব রাষ্ট্রপতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন। আমার পরিবার কখনোই চাঁদাবাজি, দুর্নীতির সঙ্গে জড়িত নয়। আমরা সবসময় দেশের সাধারণ মানুষের মতো চলি।" তিনি বলেন, এদেশে কেবল দুবার সাধারণ মানুষের উন্নতি হয়েছে। একবার স্বাধীনতার পর এবং আরেকবার ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়। তিনি বলেন, "কিছুদিন আগেই আমি সারের দাবিতে কথা বলেছি। এ মামলার কোথায় বলা আছে যে আমি চাঁদার কথা বলেছিলাম? ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে ৮০ লাখ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য উৎপাদন হয়েছে। ভয়াবহ বন্যা আমরা সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছি। আমি ক্ষমতা থেকে চলে যাওয়ার পর পুরো পাঁচ বছর, এরপর আরো ৬/৭ মাস চলে যাওয়ার পরও দুর্নীতির কোনো মামলা হয়নি। এ দেশের কোনো মানুষ বলতে পারবে না যে আমি চাঁদাবাজি করেছি।" শেখ হাসিনার বিরুদ্ধে অস্ত্র পাচারের যে অভিযোগ রয়েছে সে ব্যাপারে তিনি বলেন, "জোট সরকার বিদেশে গোয়েন্দা নিয়োগ করেও এ ব্যাপারে কিছু পায়নি।" আদালতকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমার বিরুদ্ধে একটার পর একটা মামলা হবে। আমি জানি, ওপরের নির্দেশ ছাড়া আপনি (ম্যাজিস্ট্রেট) কোনো আদেশ দিতে পারবেন না।" তিনি বলেন,"ছাত্রজীবন থেকে রাজনীতি করছি। বদরুন্নেসা কলেজের ভিপি ছিলাম। সবসময় জনগণের পক্ষে কথা বলেছি। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে চাঁদাবাজির মামলা করা হয়েছে।এ মামলায় আমার সাজাও হতে পারে, যাতে নির্বাচন করতে না পারি। কিন্তু দেশের কোনো মানুষ বিশ্বাস করবে না যে আমি চাঁদাবাজি করতে পারি।" শেখ হাসিনা বলেন, "পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর সদস্য, পুলিশ, বিডিআর, পাহাড়ি ও বাঙালি সংঘর্ষে প্রচুর মানুষ মারা যেতো। সে সমস্যার সমাধানে শান্তিচুক্তি করেছি। বিশ্বের ১০টি বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রিসহ আমাকে বিভিন্ন 'অ্যাওয়ার্ড' দিয়েছে। ওসব আমার নয়, এ দেশের সম্মান। আমি দুর্নীতি করলে তারা আমাকে অ্যাওয়ার্ড বা ডিগ্রি দিতো না।" আওয়ামী লীগ সভানেত্রী বলেন, গণতন্ত্র আজ বিপন্ন। মানুষের ভোটের অধিকার নেই। মানুষ সংসার চালাতে পারছেনা, আয় নেই, বেকারত্ব বাড়ছে। বর্তমানে আমার মনে হয় রাজনৈতিক শক্তিকে একে একে ধ্বংস করার জন্য অন্য কোনো শক্তিকে ক্ষমতায় আনতে চায়। এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কিন্তু এদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়, তারা ভুল করেনা। তিনি বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় সেনাবাহিনীর উন্নতি করেছি, পুলিশ, বিডিআর, বিচারবিভাগের স্বাধীনতার জন্য আমরা কাজ করেছি। হাইকোর্টের অর্থনৈতিক স্বাধীনতা দিয়েছি। হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি আমার আমলেই নিয়োগ হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শে বিচারক নিয়োগ, বদলির সাংবিধানিক ধারা আমরা কার্যকর করেছি।" এখনকার দ্রব্যমূল্য বৃদ্ধির কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "আমার আমলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখেছিলাম মানুষের ভালোর জন্য। ৫৬ টাকার সয়াবিন তেল ২৮ টাকায়, ১৬ টাকার চাল ১০ টাকায় এনেছিলাম। " তিনি বলেন, "১৯৭১ সালে বন্দি অবস্থায় আমার সন্তান হয়েছে। '৭৫ সালের আগষ্টে ছোটবোনকে নিয়ে জার্মানিতে থাকায় বেঁচে গিয়েছিলাম। আমাকে চট্টগ্রামে গুলি করা হয়েছিল। ২১শে আগস্ট গ্রেনেড হামলা করা হয় আমাকে মেরে ফেলার জন্য। মোট ১৯ বার আমার জীবনের ওপর আক্রমণ হয়েছে। কিন্তু আমি ভয় পাই না। ভয় পাই শুধু আল্লাহকে। ওপর্ েআল্লাহ আছেন আর নিচে বাংলাদেশের জনগণ। ব্যক্তিজীবনে কারো কাছে কিছু চাইনি। দল চালানোর জন্য স্বেচ্ছায় কেউ কিছু দিলে তা নীতি, আদর্শের ভিত্তিতে নেওয়া হতো।" পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের বিষযে হাসিনা বলেন, "ছয়মাস হয়ে গেছে এ সরকার ভোটার তালিকা তৈরি করতে পারেনি, স্বচ্ছ ব্যালট বাক্স দিতে পারেনি। এ সরকার নির্বাচনের যে রোডম্যাপ দিয়েছে তাতে নির্বাচনের ফলাফল সাজানো হয়ে গেছে।" আদালতে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমি দেশের অর্থনৈতিক মুক্তি চাই। অর্থনৈতিক মুক্তি ছাড়া গণতন্ত্র আসে না। আর গণতন্ত্র ছাড়া জনগণের উন্নয়ন হয় না, রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়।" হাসিনা আরও বলেন, মি-২৯ বিমান কেনার টেন্ডারে ২৮৯ মিলিয়ন মার্কিন ডলার দাম উঠেছিল, কিন্তু তিনি তা ১১৯ মিলিয়ন মার্কিন ডলারে কিনেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বলেন,"আমার ছেলেমেয়ে চাকরি করে জীবিকা নির্বাহ করে। আমি পাঁচ বছর প্রধানমন্ত্রী ছিলাম। ছেলে-মেয়েদের জন্য কিছুই করতে পারিনি। তাদের খেটে খেতে হয়। পৈত্রিক সম্পত্তি আমি দান করেছি। নিজের কোনো বাড়ি নেই। আমার যতটুকু আছে তাতেই আমি সন্তুষ্ট।" দেশের জনগনের প্রতি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শেখ হাসিনা বলেন, "এ দেশের জনগণের প্রতি আমার ভালোবাসা তীব্র। তারা আওয়ামী লীগকেই ভোট দেবে। আমার মেয়ে অসুস্থ থাকলেও জনগণের প্রতি ভালবাসা থাকায় আমেরিকা থেকে আমি চলে এসেছি।" আদালতের উদ্দেশ্যে হাসিনা আবারো বলেন, "আপনি কি রায় দেবেন জানি না। হয়তো আগে থেকেই রায় ঠিক করা রয়েছে। যেখানে গণতন্ত্র নেই, কথা বলার স্বাধীনতা নেই, সেখানে আইনের শাসন থাকতে পারে না।" চাঁদাবাজির মামলা সম্পর্কে হাসিনা বলেন, "চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য রয়েছে। এ দেশের জনগণের অধিকার হরণ করার জন্য মিথ্যা মামলা করা হয়েছে। আমি নির্দোষ। মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক এ মামলায় আমি ন্যায়বিচার চাই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/পিবি/এফএফ/এসি/এমএইচবি/১৩৩৩ ঘ.