নেত্রকোনা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নেত্রকোনার ঘোড়াডোবা হাওরে ডাকাতের হাত থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন কলমাকান্দা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী খোরশেদ আলম (৩২) ও কুমেদ কর্মকার (৫০)।
শনিবার রাতে একটি ট্রলার ৪০/৫০ জন যাত্রী নিয়ে মধ্যনগর বাজার থেকে কলমাকান্দায় ফেরার পথে ঘোড়াডোবা হাওরে ডাকাতের কবলে পড়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতরা যাত্রীদের মারধর করে তাদের জিনিসপত্র, টাকাপয়সা লুট করে।
কমলাকান্দা থানার উপ-পরিদর্শক আব্দুল খালেক জানান, ডাকাতির সময় পাঁচ যাত্রী পানিতে ঝাঁপিয়ে পড়েন। সাঁতরে অন্যরা তীরে উঠলেও খোরশেদ আলম ও কুমেদ কর্মকার ডুবে মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/২৩৪৯ ঘ.
bdnews24