ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণের জন্য প্রায় ১২০ কোটি ডলার সহায়তার আশ্বাস পেয়েছে সরকার। ২০০৮-০৯ অর্থবছরেই এই সেতুর নির্মাণ কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন।
রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
বিবরণীতে বলা হয়, পদ্মা সেতু নির্মাণের জন্য প্রায় ১২০ কোটি ডলারের মধ্যে এডিবি ৩৫ কোটি, বিশ্বব্যাংক ৩০ কোটি, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিআইসি) ৩৫ কোটি ডলার ঋণসহায়তা এবং ডিএফআইডি ও নেদারল্যান্ডস প্রায় ২০ কোটি ডলার অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছে।
রোববার উপদেষ্টার সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আবাসিক প্রতিনিধি মিস হুয়া দু'র নেতৃত্বে এবিডি'র এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, পদ্মা সেতু নির্মাণের বিষয়টি অন্যতম অগ্রাধিকার প্রকল্প। জনস্বার্থ বিবেচনায় অতিদ্রুত এ সেতুর নির্মাণ কাজ শুরু করা প্রয়োজন।
তিনি বলেন, সেতুর নির্মাণ কাজ শুরুর লক্ষ্যে আনুষঙ্গিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এ সময়ে হুয়া দু পদ্মা সেতু নির্মাণের জন্য এডিবি'র ঋণ সহায়তা প্রদানের বিষয়টি পুনর্ব্যক্ত করে বলেন, এডিবি দ্রুত পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরুর বিষয়ে আগ্রহী।
যোগাযোগ সচিব ড. মুহম্মদ মাহবুবুর রহমান এবং যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খান এম ইব্রাহীম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২৩২১ ঘ.
bdnews24