ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ আগামী নভেম্বরে শুরু করা হবে। এর আগে দুই দেশের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে।
মিয়ানমারে তিন দিনের সফর শেষে দেশে ফিরে বিদ্যুৎ সচিব ফাওজুল কবীর খান রোববার তার দপ্তরে সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "দুদেশের মধ্যে সচিব পর্যায়ের আলোচনা ফলপ্রসূ হয়েছে। মিয়ানমার সরকার জানিয়েছে, তাদের ১০০টি নদীর দুইশ স্থানে জলবিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর মধ্যে তিনটি স্থান খুবই ভালো। সাইন্ডিং নামের জায়গাটিতে ৭০ থেকে ৮০ মেগাওয়াট, লিচুয়ানে ১০০ থেকে ১২০ মেগাওয়াট ও লিম্রো এলাকায় ৫০০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষম কেন্দ্র নির্মাণ সম্ভব। লিম্রো অঞ্চলটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত থেকে একশ কিলোমিটার দূরে।
তিনি আরো বলেন, "মিয়ানমার সরকারের পক্ষ থেকে রাখাইন প্রদেশে বাংলাদেশের জন্য জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রদেশে বিদ্যুতের চাহিদা তুলনামূলকভাবে অনেক কম। বাংলাদেশ সেখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে উৎপাদিত বিদ্যুতের মাধ্যমে স্থানীয় চাহিদা মেটানোর পরও বাংলাদেশ প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাবে। তারা জানিয়েছে, ৩০০ মেগাওয়াটের নীচে বিদ্যুৎ উৎপাদন করলে তা তাদের জন্য লাভজনক হবে না।"
সচিব জানান, মিয়ানমারে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে উৎপাদিত বিদ্যুতের এক তৃতীয়াংশ মিয়নমারকে দিতে হবে বলে জানিয়েছে সেদেশের সরকার। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে উৎপাদন খরচ, বাংলাদেশে বিদ্যুৎ আনার ব্যয়সহ অন্যান্য বিষয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এ বিনিয়োগ লাভজনক হবে কিনা সেটাও বিবেচনা করে দেখা হবে।
তবে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বিনিয়োগ কোন খাত থেকে আসবে তা এখনো ঠিক হয়নি বলে জানান তিনি। সচিব বলেন, দুই সরকার যৌথভাবে অথবা বেসরকারি খাতের অধীনেও এই প্রকল্প চলতে পারে। মিয়ানমারের সঙ্গে আলোচনা করেই এসব বিষয় চূড়ান্ত করা হবে।"
গত ১১ থেকে ১৩ জুলাই মিয়ানমারে দুদেশের সচিব পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এএনএস/জেকে/এমএইচবি/১৯৩২ ঘ.
bdnews24