বরিশাল, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ডাকাতির মামলায় এক জনের যাবজ্জীবনসহ তিন জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে আদালত।
রোববার বরিশাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.মঈনুদ্দিন ইসলাম এ রায় দেন।
রায়ে সমীর হালদারের যাবজ্জীবন কারাদণ্ড, সদস্য শাহীন হাওলাদারের (পলাতক ) দশ বছর এবং ইউসুফ শিকদারের ৭ বছর কারাদণ্ডসহ প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১০ এপ্রিল রাতে ডাকাত দল বাকেরগঞ্জ উপজেলার কবাই গ্রামের শিক্ষক আবদুল মান্নান হাওলাদারের বাসায় হানা দিয়ে নগদ এক লাখ ৮২ হাজার টাকাসহ আড়াই লাখ টাকার মামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনার পরের দিন ১১ এপ্রিল শিক্ষক আবদুল মান্নান বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করলে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মিত্র তিন আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/এমআই/২০৩৫ ঘ.
bdnews24