পটুয়াখালী, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জোয়ারের পানিতে তলিয়ে গেছে জেলার উপকূলীয় নিুাঞ্চল। ফলে পানিবন্দী হয়ে পড়েছে উপকূলের শতাধিক চর। জেলা শহরের কিছু এলাকায়ও প্লাবিত হয়েছে দুই থেকে তিন ফুট পানিতে।
সাগর উত্তাল থাকায় দুই দিন ধরে মাছ ধরা ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে নোঙর করে আছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন পটুয়াখালী বন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া।
তিনি জানান, রোববার সকাল ১০টা থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত জেলার অভ্যন্তরীণ রুটে ৬৫ ফুটের নিচের সব লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
মহিপুর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিমাই চন্দ্র জানান, সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শতশত মাছ ধরা ট্রলার মহিপুর, আলীপুর, কলাপাড়া, ঢোশ, লালুয়া ও গঙ্গামতি এলাকায় নিরাপদ নোঙরে আছে। ভরা ইলিশ মৌসুমে ৩৬ ঘন্টা ধরে জেলেরা বেকার হয়ে আছেন।
নিমাই চন্দ্র বলেন, প্রবল জোয়ারে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিপুর-কলাপাড়া ফেরির পন্টুন ডুবে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় দু'ফেরির উভয় তীরে বাসসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে।
চরকাজল থেকে স্কুলশিক্ষক আহসান আজিম জানান, প্রবল জোয়ারে গলাচিপা ও দশমিনা উপজেলার চরাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। চরাবাংলা, চরমোতাহার ও ধলারচরে ভেড়িবাঁধ না থাকায় সেখানকার শতশত মানুষ এখন যোগযোগ বিচ্ছিন্ন।
জোয়ারের পানি পটুয়াখালী পৌর এলাকায়ও ঢুকেছে। সরেজমিনে দেখা যায়, শহরের সদর রোড, পুরান বাজার, নবাব পাড়া, কাঠপট্টি, চরপাড়া, আদালত পাড়া, জুবিলী স্কুল রোড, লতিফ স্কুল রোড পানিতে তলিয়ে গেছে। এছাড়া নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০০৪ ঘ.
bdnews24