২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজে ভর্তি হলেই মোবাইল সেট ফ্রি

ভর্তি হলেই মোবাইল সেট ফ্রি, সেই সঙ্গে দেওয়া হচ্ছে নগদ টাকাও। আর নারী শিক্ষার্থীরা চাইলেই পাবেন বোরকা। কোনও কোচিং সেন্টার নয়, কলেজে ভর্তি হতেই দেওয়া হচ্ছে এমন প্রলোভন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 12:08 PM

Updated : 26 Aug 2022, 08:17 PM

এস এম আব্বাস বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম রাজশাহী প্রতিনিধি রাজশাহী, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভর্তি হলেই মোবাইল সেট ফ্রি, সেই সঙ্গে দেওয়া হচ্ছে নগদ টাকাও। আর নারী শিক্ষার্থীরা চাইলেই পাবেন বোরকা। কোনও কোচিং সেন্টার নয়, কলেজে ভর্তি হতেই দেওয়া হচ্ছে এমন প্রলোভন। এমপিওভুক্তি টিকিয়ে রাখতে রাজশাহীর মোহনপুর উপজেলায় কয়েকটি কলেজ এখন ছাত্র-ছাত্রী ভর্তি করাতে এমন প্রতিযোগিতায় নেমেছে। শিক্ষকদের বেতন কেটে রেখেই এ টাকার সংস্থান করছে কলেজগুলো। মোহনপুর উপজেলার মোহনপুর মহিলা কলেজ, মোহনপুর গার্লস ডিগ্রি কলেজ, কেশরহাট গার্লস কলেজ, দুর্গাপুর মহিলা কলেজ, মৌগাছি কলেজ, ধুরইল কলেজ, পাকুড়িয়া মহাবিদ্যালয়, শ্যামপুর হাট কলেজ, বসন্ত কেদার মহাবিদ্যালয়, ধামিন নওগাঁ আইডয়াল কলেজ, কেশরহাট বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ, করিশা টেকনিক্যাল কলেজের শিক্ষকরা এখন ক্লাশ বন্ধ রেখে বাড়ি বাড়ি গিয়ে ছাত্রছাত্রী সংগ্রহ করছেন। বাকশিমইল গ্রামের মিতু আরা খাতুন জানান, মোহনপুর মহিলা কলেজের শিক্ষকরা বাসায় এসে ওই কলেজে ভর্তি হলে ৩ হাজার টাকা দিতে চেয়েছে। পরে মোহনপুর গার্লস ডিগ্রি কলেজের শিক্ষকরা প্রস্তাব দিয়েছে মোবাইল সেট দেওয়ার। শিবপুর গ্রামের ফাহমিদাকেও মোবাইল সেট, বোরকা ও কলেজে যাতায়াত ভাড়া দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে মোহনপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গরিব শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষকদের এক মাসের বেতনের টাকা কেটে নিয়ে এ অর্থের সংস্থান করার বিষয়টিও স্বীকার করেন তিনি। আব্দুল মালেক বলেন, অনেক গরিব ছাত্রীদের বোরকা ও বই-পুস্তক বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে মোবাইল সেট দেওয়ার বিষয়টি অতিরঞ্জিত বলে দাবি করেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ১৬৭ বর্গ কিলোমিটার আয়তনের এ উপজেলা সদরকে ঘিরে রয়েছে ১১টি সাধারণ কলেজ। আর ১০ কিলোমিটারের বাইরে রয়েছে তিনটি কলেজ। এছাড়া এমপিওভুক্ত কারিগরি কলেজ রয়েছে তিনটি এবং এমপিও বহির্ভূত একটি। মোহনপুর ডিগ্রি কলেজের প্রবীণ শিক্ষক তাজিম উদ্দিন বলেন, বিগত ১০ বছরে অন্তত ১০টি কলেজ প্রতিষ্ঠা হয়েছে। সরকারি বিধি অনুযায়ী একটি কলেজ থেকে অপর কলেজের দুরত্ব ৮ কিলোমিটারের কথা বলা হলেও বাস্তবে তা নেই। কোনও কলেজ স্থাপিত হয়েছে মাত্র এক-দুই কিলোমিটার দুরত্বে। এত কলেজ থাকা স্বত্ত্বেও শিক্ষার মান নিুমানের। তিনি আরও বলেন, অধিকাংশ কলেজগুলোর বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। স্থানীয় সাংবাদিক ইমরান আলী জানান, কলেজের সংখ্যা বেশি হলেও শিক্ষার মান উন্নয়নে কলেজগুলোর ভূমিকা খুবই নগন্য। এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফজল মীর বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছোট একটি উপজেলায় এত কলেজ সত্যিই বিস্ময়কর। বেশ কয়েকটি কলেজে বিজ্ঞান বিভাগে প্রয়োজনীয় উপকরণ নেই। কয়েকটি কলেজের বিরুদ্ধে দুনীতির অভিযোগে তদন্তও চলছে। এদের বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" শিক্ষা মন্ত্রনালয়ে বিষয়টি জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০৮ ঘ.