তৌফিক ইমরোজ খালিদী
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক
সিঙ্গাপুর, জুলাই ১৫(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে রোববার ভোরে সিঙ্গাপুরে এসেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। সফরটিকে কিছুটা হলেও সরকারি বলতে তার আপত্তি নেই।
ঢাকা বিমান বন্দর ছাড়ার কয়েক মিনিট পরই সিঙ্গাপুরগামী একটি উড়োজাহাজে বসে ইয়াজউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বললেন, "আমি ভালোই আছি....রুটিন চেক আপ করাতে যাচ্ছি।"
গত বছর সেসময়কার বিএনপি সরকার তাকে যে কায়দায় হৃদরোগের চিকিৎসা করাতে সিঙ্গাপুর পাঠিয়েছিল তা ব্যাপক রাজনৈতিক বিতর্কের জন্ম দেয়।
সিঙ্গাপুর সফরকালে রাষ্ট্রপতি সেদেশের রাষ্ট্রপ্রধান এস আর নাথানের সঙ্গে দেখা করবেন।
একারণে সফরটি খানিকটা হলেও সরকারি কিনা জিজ্ঞেস করলে তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে জবাব দেন,"হ্যাঁ।"
কোনো সরকারি বার্তা নিয়ে তিনি সিঙ্গাপুর যাচ্ছেন কিনা কিংবা এ সফরে 'বিশেষ কিছু' আছে কি না জানতে চাইলে ৭৬ বছর বয়সী মৃত্তিকা বিজ্ঞানের সাবেক অধ্যাপক বলেন, "না, সেরকম কিছু নেই।"
বিমানে তাকে বেশ নির্মল ও প্রশান্ত দেখাচ্ছিল। সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে যাত্রা পথে তার সঙ্গী ছিলেন স্ত্রী আনোয়ারা বেগম। আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
রাষ্ট্রপতি বিমানের ভেতর সাক্ষাৎকার দিতে প্রস্তুত নন বলে জানিয়ে পরে পুরো একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপ্রধান হিসেবে তার পাঁচ বছরের অভিজ্ঞতার কথা বর্ণনা করবেন বলে এ প্রতিবেদককে আশ্বাস দেন।
বিমানে রাষ্ট্রপতিকে ঘিরে ছিল জোর নিরাপত্তা ব্যবস্থা। যা কিছু কথাবার্তা ; এর মধ্যেই হয়েছে।
রাষ্ট্রপতির সঙ্গে বিমানের ভেতর দেখা করবার বিষযটি পূর্ব নির্ধারিত। একজন নিরাপত্তা কর্মকর্তা যিনি এই প্রতিবেদককে বিজনেস ক্লাসের সামনের সারির দিকে নিয়ে যান, তিনি আগেই বলে রাখেন, "আপনারা পূর্ব পরিচিত বলে শুধু কুশল বিনিময় করবেন।"
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে কথোপকথন ধারণ করতে চাইলে ওই তরুণ কর্মকর্তা তৎক্ষণাৎ না করে দেন।
"আমি কি কাগজ--কলমে নোট নিতে পারি?" প্রতিবেদকের এ প্রশ্নে কর্মকর্তাটি বিনয়ের সঙ্গে বলেন, "না স্যার"।
রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আমিনুল করিম বসা ছিলেন ইয়াজউদ্দিনের ঠিক পেছনেই। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে পরে একটি আনুষ্ঠানিক সাক্ষাৎকার নেওয়ার পরামর্শ দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিআইকে/এএল/জিএনএ/১০৩০ ঘ.
bdnews24