মেহেরপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শ্যামপুর বেলতলা গ্রামে শুক্রবার রাতে সন্ত্রাসীদের ছোড়া বোমার আঘাতে এক কৃষক গুরুতর আহত হয়েছেন।
আহত কৃষকের নাম ফরিদ আলী (৪৭)। বোমায় তার পুরো শরীর ঝলসে গেছে। তাকে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
পুলিশ ও আহতের পরিবার জানায়, ফরিদ আলী শহর থেকে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের উদ্দেশ্যে তার ওপর বোমা হামলা চালানো হয়। বোমার শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে ফরিদ আলীকে উদ্ধার করে পুলিশ খবর দেয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ জানান, ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেপ্তারে গ্রামে অভিযান চালায় পুলিশ। কিন্তু কাউকে আটক করা যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২০৩৮ ঘ.
bdnews24