ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক পর্যায়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের স্বার্থে কমিশন তাদের নাম প্রকাশ করেনি।
কমিশনের সচিব মোখলেস উর রহমান বৃহস্পতিবার সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ের সাংবাদিকদের এ তথ্য দেন।
তিনি বলেন, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিক হওয়ায় ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে ও অভিযোগ প্রমাণিত হওয়ার আগে তাদের নাম প্রকাশ করা ঠিক হবে না।
সচিব জানান, বর্তমান সরকারের ছয় মাসে দুর্নীতি দমন কমিশনে ৪২ হাজার ৮০০ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ২২ হাজার অভিযোগ নিবন্ধন করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর ১২ হাজার অভিযোগের নিষ্পত্তিও করেছে কমিশন।
বিভিন্ন জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন প্রসঙ্গে মোখলেস উর রহমান বলেন, ইতোমধ্যে ৫৬টি জেলা ও ৩৬৩টি উপজেলায় কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। আটটি জেলা ও ১১৭টি উপজেলায় এখনো কমিটি গঠন হয়নি। এসব জেলা ও উপজেলাতেও শিগগিরই কমিটি গঠনের কাজ শুরু হবে।
এসব কমিটিতে রয়েছেন এমন কারো বিরুদ্ধে অভিযোগ উঠলে কমিশনের মহাপরিচালক (পরিদর্শন) তা তদন্ত করে দেখবেন। তাদের বিরুদ্ধেও কমিশন বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানান কমিশন সচিব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২১৪৮ ঘ.
bdnews24