গাজীপুর, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংক গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট শাখার কর্মকর্তা রমজান আলীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার রাতে ওই শাখার ব্যবস্থাপক মো. ইব্রাহিম আহামদ বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলাটি করেন বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান।
মামলার অপর আসামীরা হলেন, পেনশন গ্রহিতা মো. জামালউদ্দিন, মো. রফিকুল ইসলাম, মো. ফকরুল আলম ভূইয়া, মো. মজিবুল হক ও রুকুনুজ্জামান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৬ সালের জানুয়ারি থেকে ২০০৭ সালের ৪ জুলাই সময়ের মধ্যে ব্যাংক কর্মকর্তা রমজান আলীর সহায়তায় অপর আসামীরা জাল ভাউচার তৈরি করে পেনশনের বিপরীতে সঞ্চয়ী হিসাবে অতিরিক্ত সাড়ে ৪ লাখ টাকা জমা এবং পরে তা তুলে নিয়ে আত্মসাত করেন।
হোতাপাড়া ফাঁড়ির উপ পরিদর্শক মোবারক হোসেন মামলাটির তদন্ত করছেন বলে ওসি মিজানুর রহমান জানান।
সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের একটি বিশেষ দল (স্পেশাল স্কোয়াড) গত ৪ জুলাই ব্যাংকের রাজেন্দ্রপুর শাখা পরিদর্শনকালে এ গুরুতর অনিয়ম ধরা পড়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২১১৬ ঘ.
bdnews24