ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মিরপুরে শাহআলীবাগ থানা এলাকায় মঙ্গলবার র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আটক জেএমবি কর্মী শাহিদা বেগমকে বৃহস্পতিবার অস্ত্র আইনে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে চারটায় শাহিদাকে শাহআলীবাগ থানার উপ--পরিদর্শক আব্দুল গণি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। হাকিম আব্দুর রউফ খান তার আবেদন মঞ্জুর করেন।
গত মঙ্গলবার সকালে মিরপুর শাহআলীবাগ থানার ই ব্লকের একটি বাড়িতে অভিযানকালে র্যাব সদস্যদের সঙ্গে জেএমবি জঙ্গিদের গুলিবিনিময় হয়। র্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় জেএমবির সূরা সদস্য আনোয়ার হোসের ফারুখ ওরফে সাখাওয়াত এবং তার স্ত্রী শাহিদা বেগমকে আটক করে। সেখান থেকে দুটি নাইন এমএম পিস্তল ও নয় রাউন্ড গুলি, চারটি কম্পিউটার এবং অনেক জেহাদি বই--পুস্তক উদ্ধার হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এমএইচবি/২১১৬ ঘ.
bdnews24