সাভার, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভার থেকে ধাওয়া করে উপজেলার শেষ সীমানা আমিনবাজারে এসে ট্যাক্সিক্যাবসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাভার থানার উপপরিদর্শক নাসিমউদ্দিন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাভারের গেন্ডা বাস স্ট্যান্ডে মীনা বেগম নামে এক নারীর ভ্যানেটি ব্যাগ ছিনতাই করে দুই ব্যক্তি কালোরংয়ের একটি ট্যাক্সিক্যাবে করে ঢাকার উদ্দেশে পালাতে শুরু করে।
ঘটনার পরপরই সেখান দিয়ে হাইওয়ে পুলিশের একটি দল যাওয়ার সময় তাদের বিষয়টি জানান মীনা বেগম। সঙ্গে সঙ্গে পুলিশ ছিনতাইকারীদের পিছু ধাওয়া করে।
এক পর্যায়ে ঢাকা শহরের উপকণ্ঠে আমিনবাজার সেতুর কাছে ট্যাক্সিক্যাবটি আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয় আরোহী রিপন ও রুহুল আমিনকে।
তাদের কাছ থেকে মীনা বেগমের ভ্যানিটি ব্যাগটি উদ্ধার করা হয় বলে পুলিশ কর্মকর্তা নাসিম জানান।
তিনি আরও জানান, দুজনের বিরুদ্ধে সাভার থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে।
গ্রেপ্তারকৃত দুজনের বাড়িই পিরোজপুর জেলার নাজিরপুর থানার মহামুদকান্দা গ্রামে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০৩৭ ঘ.
bdnews24