২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ার দরবেশের মৃত্যুর পর দাফন নিয়েও গোল বেধেছিল

কাশরে ট্রেনের নিচে 'আত্মাহুতি' দেওয়া পরিবারের কর্তা আনোয়ার হোসেনের(আনোয়ার দরবেশ) লাশ দাফন নিয়েও গোল বেধেছিল। এ তথ্য জানিয়েছেন তার ভাই অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল হান্নান। তার ধারণা, তার ভাইয়ের পরিবারের সবাই মানসিক রোগাক্রান্ত। লাশ দাফন নিয়ে গোলযোগ দেখা দেওয়ার পর ওই পরিবারের সঙ্গে তাদের আর কোনও সম্পর্ক ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 07:11 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ময়মনসিংহ, জুলাই ১২ (বিডিনিউজ টুযেন্টিফোর ডটকম)- কাশরে ট্রেনের নিচে 'আত্মাহুতি' দেওয়া পরিবারের কর্তা আনোয়ার হোসেনের(আনোয়ার দরবেশ) লাশ দাফন নিয়েও গোল বেধেছিল। এ তথ্য জানিয়েছেন তার ভাই অবসরপ্রাপ্ত সুবেদার মেজর আব্দুল হান্নান। তার ধারণা, তার ভাইয়ের পরিবারের সবাই মানসিক রোগাক্রান্ত। লাশ দাফন নিয়ে গোলযোগ দেখা দেওয়ার পর ওই পরিবারের সঙ্গে তাদের আর কোনও সম্পর্ক ছিল না। বৃহস্পতিবার পৌর এলাকার গোহাইলকান্দিতে নিজ বাসায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে আব্দুল হান্নান বলেন, আনোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯৯৮ সালে মারা যান। ওই সময় আনোয়ারের ছোটমেয়ে শবনম জানায়, তারা সবাই ক্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। তাই লাশ খ্রিস্টান ধর্মের রীতিতেই সমাহিত করা হবে। কিন্তু এর বিরোধিতা করেন আনোয়ারের ভাইয়েরা। এ নিয়ে বদানুবাদ দেখা দিলে থানার দ্বারস্ত হন আব্দুল হান্নানরা। পরে এলাকার খ্রিস্টান ব্যক্তিদের তালিকায় আনোয়ারের নাম না থাকায় লাশ আব্দুল হান্নানদের কাছে হস্তান্তর করা হয় এবং মুসলিম রীতিতেই তার দাফন হয়। আব্দুল হান্নান জানান, ওই ঘটনার পর থেকেই আত্মীয়-স্বজনদের সঙ্গে আনোয়ারের পরিবারের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এমনকি আনোয়ারের দুই মেয়ের স্বামীরা যখন ওই পরিবারের সদস্যদের খ্রিস্টান ধর্ম গ্রহণের কথা জানতে পারেন, তখন তারাও স্ত্রীদের বাবার বাড়ি পাঠিযে দেন। এদিকে ময়মনসিংহ খ্রিস্টান মিশনারির ফাদার সুমন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার খ্রিস্টানদের যে তালিকা রয়েছে তাতে ওই পরিবারের কোনও সদস্যের নাম নেই। বুধবার বিকালে ময়মনসিংহ পৌর এলাকার কাশরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আনোয়ার হোসেনের পরিবারের ৯ সদস্য মারা যায়। ওই পরিবারটির সঙ্গে প্রতিবেশীদেরও যোগাযোগ ছিল না। বুধবারের ওই ঘটনাকে রহস্যময় হিসেবেই দেখছে সবাই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩০৭ ঘ.