২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিকল্পনা করে দাম বাড়ানোর অভিযোগে দুই সব্জি ব্যবসায়ী গ্রেপ্তার

সিন্ডিকেট গঠন করে পরিকল্পিতভাবে সব্জির দাম বাড়ানোর অভিযোগে জিগাতলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 05:45 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিন্ডিকেট গঠন করে পরিকল্পিতভাবে সব্জির দাম বাড়ানোর অভিযোগে জিগাতলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। সাতমসজিদ রোড সেনাক্যাম্প সূত্রে জানা যায়, যৌথ বাহিনী মঙ্গলবার রাত তিনটার দিকে দ্রব্যমূল্য যাচাই করতে কাওরান বাজারে যায়। সেখান থেকে সব্জির দাম শুনে বুধবার সকাল থেকে জিগাতলা, নিউমার্কেটসহ রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান শুরু করে তারা। এ সময় সিন্ডিকেট তৈরি করে বেশি দামে সব্জি বিক্রির অভিযোগে জিগাতলা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিরুল হক বাবু ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। দুপুরে তাদের ধানমণ্ডি থানায় হস্তান্তর করা হয়। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ওই দুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। তারা এখন থানা হেফাজতে রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/২৩৩৬ঘ.