ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পূর্ব জুরাইনের আদর্শ বাজারের নিরাপত্তারক্ষী মফিজউদ্দীন ঢালীকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া খিলক্ষেত থেকে জাহানারা ওরফে জান্নাত (৩০) নামের এক পোশাক কারখানার কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জুরাইনে নিহত মফিজউদ্দীন ঢালীর গ্রামের বাড়ি শরীয়তপুরের নরীয়ায়। তিনি পূর্ব জুরাইনের কমিশনার রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের ছোট ছেলে নূর মোহাম্মদ জানান, বুধবার সকালে আদর্শ বাজারের একটি মাংসের দোকানে তারা বাবার লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে বাজারের লোকজন তাদের খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশের গলায় ও ডান হাতে রশি প্যাঁচানো ছিল।
নূর মোহাম্মদ জানান, বাজারের মাছ বিক্রেতারা রাতে বিক্রি শেষে বাড়ি ফেরার সময় মফিজউদ্দিনের কাছে টাকা জমা রেখে যেত। ওই টাকার জন্য কেউ এ কাজ করে থাকতে পারে।
শ্যামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা আফজালুর রহমান জানান, মিটফোর্ড হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনরা মফিজউদ্দিনের লাশ নিয়ে গেছে। তবে সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলঅ হয়নি।
এদিকে বুধবার দুপুরে বনরুপা আবাসিক প্রকল্পের ৪/৩ নম্বর রোডের ৬১ নম্বর খালি প্লটের একটি গর্ত থেকে জাহানারা ওরফে জান্নাত (৩০) নামের এক মহিলার লাশ উদ্ধার করেছে খিলক্ষেত থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সুরতহাল প্রতিবেদনে লাশের বাম কানের কাছে ও থুতনিতে জখমের চিহ্নের উল্লেখ করা হয়েছে।
নিহতের খালা রিজিয়া বেগম জানান, জান্নাত ও তার স্বামী মো. হবি বিশ্বরোড এলাকার একটি পোশাক কারখানায় কাজ করে। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। ঢাকায় তারা দক্ষিণ খান কাওলা মাদ্রাসা সংলগ্ন শামসুর রহমানের বাড়িতে ভাড়া থাকতো।
রিজিয়া বেগম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে জান্নাত ও তার স্বামী রাতের ডিউটিতে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বুধবার সকালে তারা কেউই বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুজির পর তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে খিলক্ষেত পুলিশ তার লাশ উদ্ধার করে।
খিলক্ষেত থানার কর্তব্যরত কর্মকর্তা কবীর উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের খালা রিজিয়া বেগম নিহতের স্বামী মো. হবিকে আসামী করে একটি হত্যা মামলঅ দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২৩২৬ ঘ.
bdnews24