২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিপলস জুট মিলের ছাঁটাই করা শ্রমিকদের বাসা ছাড়ার নির্দেশ

খুলনার পিপলস জুট মিলের ছাঁটাই করা তিন হাজার ১৯৯ জন শ্রমিক কর্মচারীকে বুধবার তাদের বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মিল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 03:26 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

খুলনা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনার পিপলস জুট মিলের ছাঁটাই করা তিন হাজার ১৯৯ জন শ্রমিক কর্মচারীকে বুধবার তাদের বাসা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মিল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। পিপলস জুট মিলের ব্যবস্থাপক মাহবুবুল হক বুধবার জানান, ছাঁটাইকৃত শ্রমিকদের বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাঁটাইয়ের পরপরই বাসা ছাড়ার নির্দেশে শ্রমিকরা মুষড়ে পড়েছেন। স্যাকিং বিভাগের শ্রমিক আতিকুর রহমান বলেন, "অনেকদিন ধরে মজুরি না পাওয়ায় মরতে বসেছি। তারপর আবার করা হল ছাঁটাই। এখন শেষ আশ্রয় বাসাও ছেড়ে দিতে হবে। আমরা তো এখন না খেয়ে ফুটপাতে পড়ে মারা যাব।" গত ১৯ এপ্রিল খুলনার পিপলস জুট মিলসহ চারটি রাষ্ট্রায়ত্ত পাটকল লে-অফ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে প্লাটিনাম, স্টার ও ক্রিসেন্ট পাট কলের আংশিক লে-অফ প্রত্যাহার করা হলেও পিপলস পাট কলের লে-অফ তিন দফা বাড়ানো হয়। সর্বশেষ লে-অফের মেয়াদ শেষ হয় মঙ্গলবার। আর ওই দিনই আসে ছাঁটাইয়ের নির্দেশ। শ্রমিক ছাঁটাইয়ে নিন্দা: পিপলস পাটকলে শ্রমিক ছাঁটাইয়ের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পাট, সুতা-বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। বুধবার পৃথক বিবৃতিতে শ্রমিক ছাঁটাইয়ের নির্দেশ পুনর্বিবেচনা করে তারা অবিলম্বে মিলটি চালু করার জন্য সরকার ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২১১৬ ঘ.