ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অর্থ আত্মসাতের মামলায় বিআরটিসি'র সাবেক চেয়ারম্যান তৈমুর আলম খন্দকারকে তিন দিনের ও দুর্নীতি মামলায় বিএনপির সাবেক সংসদ এম নাসের রহমানকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বুধবার দুপুর ২টায় তৈমুর আলম খন্দকারকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম এবি এম আবদুল ফাত্তাহর এজলাসে হাজির করা হয়।
পল্টন থানার উপ পরিদর্শক আরশেদ আলী একটি অর্থ আত্মসাৎ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, তৈমুর আলম খন্দকার ২০০৩ সালে দুশজন ক্ষতিগ্রস্ত বেবিট্যাক্সি মালিকের একটি তালিকা করে তাদের নামে উত্তরা মটরসের মাধ্যমে কম দামে সিএনজি অটো রিক্সা বরাদ্দ দেন।
এ সময় তিনি তালিকায় ৫০টি ভুয়া নাম যোগ করে তাদের নামে বরাদ্দ নেওয়া সিএনজি অটো রিক্সাগুলো বেশি দামে বাজারে বিক্রি করে অর্থ আত্মসাৎ করেন।
রাজধানীর নয়াটোলার ক্ষতিগ্রস্ত অটো রিক্সা ব্যবসায়ী মো. ফজলুল হক গত ৫ মে এ অভিযোগে পল্টন থানায় একটি মামলা করেন।
অন্যদিকে, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের বড় ছেলে মৌলভীবাজার-৩ আসনে বিএনপির সাবেক সাংসদ এম নাসের রহমানকে দুর্নীতি মামলায় পাঁচদিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গত সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে নাসের রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড চান।
বুধবার এই রিমান্ড আবেদনের শুনানি শেষে দুপুর ২টায় ঢাকার মহানগর হাকিম জগন্নাথ দাস খোকন তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাসের রহমান ও তার স্ত্রী রোজিনা নাসের অবৈধভাবে ৬ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৪শ ৩৫ টাকার সম্পদ অর্জন করেছেন- এই অভিযোগে গত ২৭ মে তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৮২৪ ঘ.
bdnews24