ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গাইবান্ধা ও ঝিনাইদহ জেলায় মঙ্গলবার গভীর রাতে 'ক্রসফায়ারে' দুইজন নিহত হয়েছেন।
আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানিয়েছেন, ডাকাতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত আসামী হিরু মিয়া (৪০) মঙ্গলবার রাতে র্যাবের 'ক্রসফায়ারে' নিহত হয়েছেন।
হিরু মিয়া সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদাবক্স গ্রামের দুলা মিয়ার ছেলে। তিনি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার বলে পরিচিত। তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, র্যাবের একটি দল বিকেল সাড়ে ৩টায় নিজ বাড়ি থেকে হিরুকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়। হিরুর স্বীকারোক্তি অনুযায়ী আরও অস্ত্র উদ্ধারে ওই রাতে র্যাব তাকে নিয়ে বিষ্ণুপুর গ্রামে গেলে তার সহযোগীরা র্যাবের গাড়ি লক্ষ করে গুলি ছোড়ে। তখন র্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় পালাতে গিয়ে গুরুতর আহত হন হিরু।
আহতাবস্থায় তাকে প্রথমে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় হিরু মিয়াকে। পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, হিরুর বিরুদ্ধে সাদুল্যাপুরসহ বিভিন্ন থানায় সাতটি ডাকাতি, খুন, ছিনতাই ও সন্ত্রাসী মামলা রয়েছে। এরমধ্যে বগুড়ার একটি ডাকাতি মামলায় তার পাঁচ বছরের সাজা হয়।
পাঁচটি মামলায় হিরুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানান তিনি।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, মঙ্গবার গভীর রাতে সদর উপজেলার আন্দুল বাড়িয়া গ্রামে পুলিশের সঙ্গে চরমপন্থিদের গুলি বিনিময়ের সময় 'ক্রসফায়ারে' বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা জিন্নাত আলি বরুন (৪৫) নিহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইকবাল আলি জানান, পুলিশ চরমপন্থিদের গুলির জবাবে ১৫ রাউন্ড গুলি খরচ করে। নিহত বরুনের বিরুদ্ধে ১০টি হত্যা মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএআর/এমআই/ ১৭৫৭ ঘ.
bdnews24