ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৈনিক জনকণ্ঠ সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদকে কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়ার জন্য কারাকর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে দুপুর ২টায় ঢাকা মহানগর হাকিম মো. মামুন আল-রশিদ এই নির্দেশ দেন।
আতিক উল্লাহ খান মাসুদের আইনজীবীরা আদালতকে জানান, মাসুদ অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং একটি দৈনিক পত্রিকার সম্পাদক। কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়ছেন।
শুনানি শেষে আদালত আতিক উল্লাহ খান মাসুদকে কারাবিধি অনুযায়ী প্রথম শ্রেণীর বন্দির মর্যাদা দেওয়ার জন্য কারাকর্তৃপক্ষকে নির্দেশ দেন। আদেশের অনুলিপি কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।
গত ৮ মার্চ মোহাম্মদ আতিক উল্লাহ খান মাসুদকে যৌথবাহিনী জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় গ্রেপ্তার করে। পরে ফ্ল্যাট ক্রয়-বিক্রয় সংক্রান্ত প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/১৭৫৬ ঘ.
bdnews24