কক্সবাজার, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টেকনাফ পৌরসভার চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান বদি, তার বাবা সাবেক ইউপি চেয়ারম্যান এজাহার মিয়া কোম্পানীসহ ১৬ জনের বিরুদ্ধে টেকনাফ আমলি আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
বুধবার বেলা ১২টায় টেকনাফ পৌর এলাকার ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন। মামলায় দুই মহিলা কমিশনার নাজমা আলম ও হোসনে আরা লাভলী এবং কমিশনার মো. ইউছুফকেও আসামী করা হয়।
বিচারক মোহাম্মদ খলিলুর রহমান মামলাটি আমলে নিয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এজাহারে বলা হয়েছে, পৌর চেয়ারম্যান আবদুর রহমান বদির বিরুদ্ধে দায়ের করা একটি এসিড নিক্ষেপ মামলার সাক্ষ্য না দেওয়ার জন্য বাদীকে প্ররোচিত করে আসছিল আসামীরা। নানাভাবে প্রলোভন ও হুমকি দিয়ে ব্যর্থ হয়ে বেশ কিছুদিন ধরে বাদীর মাছ ব্যবসা থেকে প্রতিদিন ১০০০ টাকা চাঁদা দাবি করে তারা। আসামীরা প্রভাবশালী হওয়ায় বাদতী বাধ্য হয়ে সে চাঁদা দিয়ে আসছিলেন। গত ২০০৬ সালের ২ জুলাই বাদী চাঁদা দিতে অস্বীকার করলে তার ব্যবসা বন্ধ করে দেয় আসামীরা।
পৌর চেয়ারম্যান বদিকে জরুরি অবস্থা জারির পর যৌথবাহিনীর সদস্যরা চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৬৪৪ ঘ.
bdnews24