রাজশাহী, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিঢোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলায় তার ভাই ও স্ত্রীর সাক্ষ্য নিয়েছে আদালত।
বুধবার বিচারক জাহাঙ্গীর আলমের বিশেষ আদালতে ড. তাহেরের ভাই তারেক আহমেদ ও স্ত্রী সুলতানা আহমেদ রেশমী সাক্ষ্য দেন।
সাক্ষ্য গ্রহণের সময় অভিযুক্ত রাবি শিক্ষক মিয়া মোহাম্মদ মহিউদ্দিন, ছাত্রশিবির রাবি শাখার সাবেক সভাপতি মাহাবুবুল আলম সালেহীসহ ছয় জনকেই আদালতে হাজির করা হয় ।
এ নিয়ে গত ছয় কার্যদিবসে আদালতে ২২ জনের সাক্ষ্য নেওয়া হল। মামলার মোট সাক্ষী ৬০ জন।
এর আগে সাক্ষ্য গ্রহণের প্রথম দিন গত ৩ জুলাই মঙ্গলবার চার জন, পরদিন বুধবার চার জন এবং ৫ জুলাই সাত জন, ৯ জুলাই তিন জন এবং ১০ জুলাই দুই জনের সাক্ষ্য নেওয়া হয়।
২০০৬ সালের ৩ ফেব্র"য়ারি রাবি ক্যাম্পাসে ড. তাহেরের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই তার ছেলে সানজিদ আহমেদ বাদী হয়ে মতিহার থানায় হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের এক বছর পর গত ১৮ মার্চ মিয়া মহিউদ্দিন, মাহবুবুল আলম সালেহী, তাহের আহমেদের বাসার তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর, তার ভাই ছালাম, তাদের বাবা আজিমউদ্দিন ও আত্মীয় নাজমুলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা আচানুল কবীর। গত ১১ জুন আদালতে ছয় আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৫ ঘ.
bdnews24