চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সীতাকুন্ড উপজেলার ইকোপার্কের কাছে লেভেল ক্রসিংয়ে সাগরিকা এক্সপ্রেসের ধাক্কায় বুধবার সকালে সিএনজি অটোরিকশার যাত্রী পলি আক্তার নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া সাগরিকা এক্সপ্রেসের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত হন যাত্রী পলি আক্তার ও চালক জসিম উদ্দিন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পলি আক্তারকে মৃত ঘোষণা করেন। জসিম উদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জিআরপি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আলী আকবর জানান, লেভেল ক্রসিংয়ে সিগন্যাল অমান্য করে অটোরিকশাটি ঢুকে পড়লে ওই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের একটি দল পাঠানো হয়েছে জানিয়ে আলী আকবর বলেন, তারা ফিরলে মামলা করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৫১০ ঘ.
bdnews24