২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার বিষয়ে সভানেত্রীও একক সিদ্ধান্ত নিতে পারবেন না: হামিদ

দলে সংস্কারের বিষয়ে সভানেত্রী একক কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। তিনি মনে করেন, সংস্কার যাই হোক না কেন, তা কাউন্সিলেই চূড়ান্ত হবে। একই সঙ্গে দুই নেত্রীর ঐক্যের বিষয়টিও নাকচ করেছেন তিনি। পাশাপাশি দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেন গুপ্তের 'সংস্কার প্রস্তাব' বিষয়ে তার মত, প্রস্তাবগুলো দলের নির্বাহী কমিটির সভায় দেওয়া হলেই ভালো হতো। সুরঞ্জিতের প্রস্তাবকে স্ববিরোধী বলেও মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 08:38 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দলে সংস্কারের বিষয়ে সভানেত্রী একক কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। তিনি মনে করেন, সংস্কার যাই হোক না কেন, তা কাউন্সিলেই চূড়ান্ত হবে। একই সঙ্গে দুই নেত্রীর ঐক্যের বিষয়টিও নাকচ করেছেন তিনি। পাশাপাশি দলের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ ও সুরঞ্জিত সেন গুপ্তের 'সংস্কার প্রস্তাব' বিষয়ে তার মত, প্রস্তাবগুলো দলের নির্বাহী কমিটির সভায় দেওয়া হলেই ভালো হতো। সুরঞ্জিতের প্রস্তাবকে স্ববিরোধী বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে রাজধানীর ন্যাম ফ্লাটে সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল হামিদ এ কথা বলেন। আওয়ামী লীগের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, "শেখ হাসিনাকে বাদ দিয়ে সংস্কার সম্ভব নয়। আবার আমাদের বাদ দিয়েও সভানেত্রী সংস্কার করতে পারবেন না।" এ বিষয়ে সভানেত্রী একক কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন সাবেক এই স্পিকার। দুই মেয়াদের বেশি কেউ দলের সভাপতি ও সাধারণ সম্পাদক না থাকার বিষয়ে তিন সভাপতিমণ্ডলীর সদস্যের প্রস্তাব প্রসঙ্গে আব্দুল হামিদ বলেন, বিষয়টি গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত হলেই কার্যকর হতে পারে। তিনি বলেন, "ওই তিন নেতা যা বলেছেন তা তাদের ব্যক্তিগত মতামত। তবে তারা এভাবে বক্তব্য না দিয়ে ওয়ার্কিং কমিটিতে দিলেই ভালো হতো।" দুই নেত্রীর মধ্যে ঐক্য হওয়ার সম্ভাবনা আছে কিনা এমন প্রশ্নে সাবেক স্পিকার বলেন, "দুই নেত্রীর মধ্যে ঐক্য হতেই পারে না। আমাদের অবস্থানও দুই নেত্রীর ঐক্যের বিরুদ্ধে। আর এ বিষয়ে শেখ হাসিনার অবস্থান আরও শক্তিশালী।" "যদি রাজনীতিও ছেড়ে দিতে হয় তবুও দুই নেত্রীর মধ্যে ঐক্য হবে না", মন্তব্য করেন আব্দুল হামিদ। পরবর্তী সরকার সংবিধান সংশোধন করবে বলে সেনাবাহিনী প্রধান মইন উ আহমেদের আশাবাদের বিষয়ে আওয়ামী লীগের এই নেতার মত, সংবিধান পরিবর্তনের দরকার নেই। দরকার মানুষের মনমানসিকতার পরিবর্তন। সংবিধানে যা আছে তাই যথেষ্ট বলে মন্তব্য করেন তিনি। দুই নেত্রীরই সরে যাওয়া উচিত বলে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মন্তব্যর সমালোচনা করে আব্দুল হামিদ বলেন, "আওয়ামী লীগ অন্য কারও কথায় চলে না। তিনি(মইনুল হোসেন) ব্যারিস্টার মানুষ। তিনি ঠিক না বেঠিক বলেছেন তা তারই চিন্তা করে দেখা উচিত।" রাষ্ট্রপতির সংসদ ভেঙ্গে দেওয়ার নির্বাহী ক্ষমতা থাকা উচিত এবং ১৯৭২ এর সংবিধানে ফিরে যাওয়া উচিত বলে সুরঞ্জিত সেনগুপ্ত যে মন্তব্য করেছেন তা স্ববিরোধী বলে মন্তব্য করেন আব্দুল হামিদ। অপর এক প্রশ্নের জবাবে আব্দুল হামিদ বলেন, দুর্নীতি বাংলাদেশে কমবেশি সবসময় ছিল। তবে ২০০১ এর পর যা হয়েছে তা হলো হরিলুট। স্বাধীনতার পর থেকে যতজন সাংসদ নির্বাচিত হয়েছেন তাদের সবার সম্পত্তির হিসাব শ্বেতপত্র আকারে প্রকাশ করা উচিত বলে মনে করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমআই/১৪৩৭ ঘ.