২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত বর্জনের হুমকি দিলেন নাজমুল হুদা

'সাক্ষীদেরকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রভাবিত করছেন, এমন অভিযোগ তুলে আদালত বর্জনের হুমকি দিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ঘুষের মামলার সাক্ষ্য নেওয়ার সময় তিনি এ হুমকি দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'সাক্ষীদেরকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রভাবিত করছেন, এমন অভিযোগ তুলে আদালত বর্জনের হুমকি দিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের বিশেষ জজ আদালত- ২ এর বিচারক অমর কুমার রায়ের আদালতে নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ঘুষের মামলার সাক্ষ্য নেওয়ার সময় তিনি এ হুমকি দেন। নাজমুল হুদা বিচারকের উদ্দেশে বলেন, "এভাবে কোর্ট চললে কাল থেকে আসব না। সাজা দিয়ে দিন।" তিনি আরও বলেন, "সাক্ষী যেভাবে বলছেন সেভাবে পিপিরা নোট করতে দিচ্ছেন না। জেরা চলার সময় সাক্ষীদের পাশে বসে উত্তর বলে দেওয়া হচ্ছে।" হুদার অভিযোগের জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহনেওয়াজ টিপু বলেন, "এটা পল্টন ময়দান বা বক্তৃতার মঞ্চ নয়। একজন যা ইচ্ছে তাই বলতে পারেন না।" এ সময় বিচারক দু'পক্ষের উদ্দেশে বলেন, "আপনারা উত্তেজিত না হয়ে অন্যের কথা শুনুন।" সোমবার থেকে হুদা দম্পতির মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঘুষ গ্রহণের অভিযোগে তাদের বিরুদ্ধে গত ১১ মার্চ কমিশনের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে ধানমণ্ডি থানায় মামলাটি দায়ের করেন। এরপর গত ৫ জুলাই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। ঘুষের টাকা সাপ্তাহিক খবরের অন্তরালে নামের পত্রিকার একাউন্টে জমা দেওয়া হয়। যার প্রকাশক সিগমা হুদা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/১৯২১ ঘ.