আহমেদ দীপু ও এহসানুল হক বাবু
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রশাসন বিষয়ক প্রতিবেদক
ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--মন্ত্রণালয় সংখ্যা কমিয়ে এগুলোর কার্যক্রম আরো গতিশীল করতে সরকার প্রশাসন পুনর্গঠনের কাজে হাত দিয়েছে। এ লক্ষে প্রশাসন সংস্কারে ইতিপূর্বে করা ছয়টি কমিটির সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করতে একটি প্রাথমিক সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী আমিনুল ইসলাম মঙ্গলবার সকালে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টার নির্দেশে প্রশাসন পুণর্গঠনের জন্য কাজ করে যাচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। জনগণের কাছে সেবা পৌছে দেয়ার জন্য এবার শুধু সংস্কারের প্রস্তাব নয়, তা বাস্তবায়নও করা হবে"।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সংস্কারের আওতায় মন্ত্রণালয়গুলোর সংখ্যা যৌক্তিকিকরণ করা, প্রতিটি মন্ত্রণালয়ের কাজের পরিধি সুনির্দিষ্ট করে দেয়া, মন্ত্রণালয়গুলো কি কাজ করছে তার প্রচারের ব্যবস্থা করা, সিটিজেন চার্টার তৈরী এবং তা প্রচার করা, দীর্ঘ দিনের বিধি বিধানগুলো সহজ করা, মানুষের কাছে সহজ উপায়ে সরকারি সেবা পৌছানোর বিষয়টি নিশ্চিত করাসহ আরো বেশ কিছু কাজ করা হবে।
তারা বলছেন, প্রশানিক সংস্কারের লক্ষে এযাবত যতগুলো কমিটি এবং কমিশন গঠণ করা হয়েছে তাদের সুপারিশ পর্যালোচানার পর বর্তমান সময়ের চাহিদার সঙ্গে মিল রেখে প্রাথমিক ভাবে একটি সুপারিশ তৈরী করা হয়েছে। প্রধান্ উপদেষ্টার কার্যালয় থেকে এধরনের একটি সুপারিশ তাদের কাছে পাঠানো হয়েছে। তারা এর ওপর কাজ করছেন।
এর আগে প্রশাসন সংস্কার সংক্রান্ত যে কমিটি এবং কমিশন ছিল তার মধ্যে ছয়টি কমিটি ও কমিশনের রিপোর্টকে বেছে নিয়ে সেগুলো পর্যালোচনা করা হয়েছে। কমিটিগুলোর পাঁচটি হচ্ছে মূয়িদ কমিটি, এনাম কমিটি, এটিএম শামসুল হক কমিশন, তানভির কমিটি ও নুরুল হক কমিটি।
একজন কর্মকর্তা জানান, এবারের সুপারিশ বাস্তবায়ন হলে বেশ কিছু মন্ত্রণালয়ের সংখ্যা কমতে পারে। যে মন্ত্রণায়গুলোর সংখ্যা কমানো হবে সেগুলোকে একই ধরনের কাজ করে থাকে এমন মন্ত্রণালয়ের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। উদাহরণ হিসাবে প্রবাসী কল্যান এবং শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়কে দেখানো হতে পারে। আগে মন্ত্রণালয় দুটি এক সঙ্গে ছিল। বিএনপি সরকার মন্ত্রণালয়ের সংখ্যা বাড়ানোর সময় এদুটিকে আলাদা করে।
দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন সংস্কারের পরপরই প্রশাসনিক সংস্কারের কাজে হাত দিল সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের শীর্ষ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসনিক সংস্কারের উদ্যোগ মূলত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশেই এই উদ্যোগ নেওয়া হয়। তবে বিষয়টির দেখভাল করছে প্রশাসন সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কিমিট। কমিটির সদস্যরা হলেন, অর্থ, শিক্ষা, শিল্প এবং স্বাস্থ্য উপদেষ্টা। সংস্কার সংক্রান্ত কাজে সহায়তা দেয়ার জন্য ছয় জন সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে। এরা হলেন, মন্ত্রিপরিষদ বিভাগ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, সংস্থাপন সচিব, অর্থ সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব এবং পরিকল্পনা সচিব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/জিএনএ/১৬০০ ঘ.
bdnews24