সাভার, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়ায় মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ারুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে যশোরগামী সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক সকাল ৬টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে।
এতে তেলের ড্রাম ভর্তি ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় চালক শেখ মাসুদ রানা (২৫) ও চালকের সহকারী।
নিহত মাসুদ রানা যশোরের সদর উপজেলার কেশবপুর গ্রামের হায়দার আলীর ছেলে। তবে নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৩৯ ঘ.
bdnews24