২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুন হওয়া রানার সম্পাদকের ছেলে অঞ্জনের রহস্যজনক মৃত্যু

যশোরে দৈনিক রানার নিহত সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ছোটো ছেলে তানভীর হাসান অঞ্জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে বেজপাড়ায় নিজের বাসার বাথরুম থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। যশোর সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

যশোর, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যশোরে দৈনিক রানার নিহত সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ছোটো ছেলে তানভীর হাসান অঞ্জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে বেজপাড়ায় নিজের বাসার বাথরুম থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। যশোর সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ এই মৃত্যুকে রহস্যজনক বললেও অঞ্জনের মা হাফিজা আক্তার দাবি করেছেন, অঞ্জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অঞ্জনের বাবা আরএম সাইফুল আলম মুকুল ১৯৯৮ সালের ৩০ আগষ্ট আততায়ীর গুলিতে নিহত হন। অঞ্জনের ফুপাতো বোন স্বর্ণা জানান, অঞ্জনের মা হাফিজা আক্তার দুপুরের দিকে বাজারে যান। এসময় তিনি, অঞ্জন ও তার নানী তাদের বাসার দোতলায় বসে টিভি দেখছিলেন। এক পর্যায়ে অঞ্জন উঠে বাথরুমে যান। কিছুক্ষণ পর একটি বিকট শব্দ শুনতে পান তারা। তবে শব্দটি কোথায় হয়েছে তা তখন বুঝতে পারেননি। কিছুক্ষণ পর হাফিজা আক্তার বাসায় ফিরে বাথরুমের নিচ দিয়ে রক্ত বেরিয়ে আসতে দেখে দরজায় ধাক্কা দেন। ধাক্কাধাক্কির পর দরজা খুলে গেলে সেখানে অঞ্জনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ওবায়দুল কাদির উজ্জ্বল তাকে মৃত ঘোষণা করেন। যশোর কোতয়ালী থানার দায়িত্বরত কর্মকর্তা এমএমতিন জানান, অঞ্জনকে হত্যা করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার জামার পকেট থেকে পিস্তলের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে যে অস্ত্রটি থেকে তার দেহে গুলি লেগেছে তা উদ্ধার করা যায়নি। দৈনিক রানারের বর্তমান সম্পাদক অঞ্জনের চাচা মাজহারুল আলম টুটুলও তার ভাতিজার মৃত্যুকে 'রহস্যজনক' হিসেবে অভিহিত করেন। তবে অঞ্জনের মা হাফিজা আক্তার দাবি করেছেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিবারের কোনো সদস্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলেও মনে করেন তিনি । তানভীর হাসান অঞ্জন যশোর এমএম কলেজের হিসাবরক্ষণ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২০৫১ ঘ.