ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভারত ও বাংলাদেশের মধ্যে সপ্তাহে কয়বার ট্রেন চলবে তা নিয়ে দুদেশের মতপার্থক্য দূর হয়নি।
রেলওয়ে ভবনে সোমবার আনুষ্ঠানিক আলোচনায় ভারত সপ্তাহে একবার ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ পক্ষ চায় ছয় বার ট্রেন চালাতে। দিনভর এ বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুপক্ষ।
বাংলাদেশের এক কর্মকর্তা জানান, ভারত শেয়ালদহের পরিবর্তে চিতপুর স্টেশন থেকে ট্রেন সার্ভিস পরিচালনা করতে চাইছে কিন্তু বাংলাদেশ চায় শেয়ালদহ স্টেশন থেকেই ট্রেন চলুক। এর কারণ হলো চিতপুর স্টেশনের অবস্থান শেয়ালদহ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কাজী আসাদ উল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রেন সার্ভিসের আর্থিক দিক বিবেচনা করে আমরা ছয়টি ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছি। অবশ্য ভারত চায় সপ্তাহে মাত্র একটি করে ট্রেন চলবে।"
বাংলাদেশ প্রতিনিধি দলের এক সদস্য মো. শাহজাহান জানান, সপ্তাহে একটি ট্রেন চললে বাংলাদেশের জন্য লাভজনক হবে না। এজন্য ট্রেনের সংখ্যা বাড়ানোর ব্যাপারে বাংলাদেশ দাবি করে যাবে।
সোমবারের আলোচনায় বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি কে এম ইসমাইল, ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ ই আহমেদ।
এদিন ট্রেনের সংখ্যা নির্ধারণে কোনো সমঝোতা না হলেও দুপক্ষই মঙ্গলবার একটি সমাধানের আশা করছে। মঙ্গলবারের বৈঠকে সীমান্তে কাস্টমস ও ইমিগ্রেশন সুবিধা এবং সপ্তাহে কয়টি ট্রেন যাতায়াত করবে, ট্রেন ছাড়ার স্টেশন, বাংলাদেশ থেকে পরীক্ষামূলক ট্রেনযাত্রা ও বাণিজ্যিকভাবে ট্রেন চলাচলের সময়সূচি নির্ধারণসহ বিভিন্ন অমীমাংসিত বিষয়ে আলোচনা হবে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. বেলায়েত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "মঙ্গলবার সব অমিমাংসিত বিষয়ে মতৈক্য হয়ে যাবে।"
অন্যদিকে ভারতীয় রেলওয়ে বোর্ডের নির্বাহী পরিচালক শিবাজি রক্ষিত জানান, "মঙ্গলবারের আলোচনায় অমিমাংসিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারব বলে আমরা আশা করছি।"
তিনি বলেন, ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন থেকে কলকাতার চিতপুর স্টেশনের মধ্যে ট্রেন চলাচল করতে পারে। তবে বিষয়টি এখনও চুড়ান্ত হয়নি।
৩২ সদস্যের ভারতীয় দল মঙ্গলবারই ঢাকা থেকে পাকশি যাবে। তারা ১১ জুলাই বাংলাদেশ ত্যাগ করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২১৪২ ঘ.
bdnews24