ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আনুষ্ঠানিকভাবে ঢাকা-কলকাতা সরাসরি রেল যোগাযোগ চালুর তারিখসহ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দুই দেশের প্রতিনিধিদলের বৈঠক শুরু হলেও সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন দুই দেশের কর্মকর্তারা।
রোববার ট্রেন মৈত্রীর সঙ্গে আসা ১৪ জন ভারতীয় কর্মকর্তা সোমবার রেলভবনের সভাকক্ষে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। ১১ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করে রেল যোগাযোগ চালুর বিষয়ে অমীমাংসিত বিষয়গুলো চূড়ান্ত করতে আলোচনা করবেন তারা।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কাজী আসাদুল্লাহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সব বিষয়ে আলাদাভাবে আলোচনা হচ্ছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে আশা করছি।"
তিনি জানান, ট্রেনের সংখ্যা, ভারতীয় রেল গাড়িতে খাবার গাড়ি সংযোজন, ভারতীয় অংশে কাস্টমস ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের কার্যক্রম, যাত্রা শুরুর স্টেশন, বাংলাদেশের প্রতিনিধিদের পরীক্ষামূলকভাবে ট্রেনে করে ভারতে যাওয়ার সময় ও তারিখ নির্ধারণ, বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরুর সময়সূচি নির্ধারণ, ভারতীয় সীমানার ১৫০ গজের মধ্যে ১৫ ফুট উঁচু কাঁটাতারের খাঁচা নির্মাণ, বাণিজ্যিকভাবে উদ্বোধনের সময় ভারতীয় ও বাংলাদেশ পক্ষের কোন পর্যায়ের প্রতিনিধি ট্রেনে উপস্থিত থাকবেন তা নির্ধারণের বিষয়ে আলোচনা চলছে।
ভারতীয় রেলওয়ে বোর্ডের কর্মকর্তা শিবাজি রক্ষিত দুপুরে বলেন, "সোমবার মধাহ্ন বিরতির পর আবার বৈঠক শুরু হবে। তবে আগামীকাল (মঙ্গলবার) আমরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো বলে আশা করছি।"
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন যোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিকেএম ঈসমাইল এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ ই আহমেদ।
ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ শুরুর লক্ষে কলকাতা থেকে পরীক্ষামূলক যাত্রায় মৈত্রী রোববার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে ঢাকা পৌঁছায়। ট্রেনের সঙ্গে ৩২ সদস্যের একটি ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/জেকে/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24