ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুক্তি চেয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলের পাঠানো চিঠি কারাবিধির পরিপন্থি নয় বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।
প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ৫ জুলাই আব্দুল জলিল রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠান। চিঠিতে তিনি আটকাদেশের মেয়াদ না বাড়িয়ে তাকে মুক্তি দেওয়ার আবেদন জানান। তিনি একই সঙ্গে আওয়ামী লীগে শেখ হাসিনার নেতৃত্বেরও সমালোচনা করেন।
জলিলের চিঠি আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। দলের আইন উপদেষ্টা সাহারা খাতুন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, কারাগার থেকে এধরনের চিঠি পাঠানো কারাবিধি ভঙ্গের সামিল।
তবে ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট আনিসুল হক রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, এমনকি মৃত্যুদণ্ড পাওয়া আসামিও কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্টপতির কাছে ক্ষমার আবেদন পাঠাতে পারেন। সুতরাং আব্দুল জলিলের চিঠি পাঠানো কারাবিধির পরিপন্থি নয়।
তাবে সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু চিঠি পাঠানোর আইনগত দিক এড়িয়ে গিয়ে বলেন, "এটা খুবই আশ্চর্যজনক যে কীভবে একজন বিশেষ বন্দি জেলে বসে একটি টাইপ করা চিঠি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার কাছে পাঠায়। তিনি আরও বলেন, চিঠিটি স্বেচ্ছায় লেখা না জোর করে লেখানো সেটা বোঝা দুস্কর।"
ব্যারিস্টার তানজিব উল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, একজন বন্দি হিসেবে কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ব্যাপারে আব্দুল জলিলের অধিকার রয়েছে। কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে আব্দুল জলিলের চিঠি পাঠানোতে কারাবিধি ভঙ্গ হয়নি।
ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ বলেন, কারা পরিদর্শক সংবাদমাধ্যমকে জানিয়েছে, তিনি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার কাছে একটি সিলগালা করা খাম পাঠিয়েছেন। যদি কোনো বন্দি কর্তৃপক্ষকে কিছু জানাতে চায় তাহলে তাকে কারা কর্তৃপক্ষের মাধ্যমে তা জানাতে হবে। সুতরাং রাষ্ট্রপতি একং প্রধান উপদেষ্টার কাছে জলিলের চিঠি পাঠানোর ব্যাপারে কোনো আইনি জটিলতা নেই।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এমএইচবি/২১৪৯ ঘ.
bdnews24