রাজশাহী, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর বাগমারা উপজেলায় রোববার চার চরমপন্থী ও এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেলা সাড়ে তিনটার দিকে রাজশাহী-নওগাঁ সড়কের বারুইহাটি মোড় থেকে চরমপন্থী সদস্য ও জুগিপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করা হয়। এর আগে অন্য এক অভিযানে পুলিশ যাত্রাযাছি এলাকা থেকে ভটখালী গ্রামের জেএমবি সদস্য শমসের (৪৫) আলীকে গ্রেপ্তার করে পুলিশ।
বাগমারা থানার উপরিদর্শক আনিসুর রহমান জানান, আটক জেএমবি সদস্য শমসের ও পুর্ববাংলা কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ও জুগিপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলামকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার সকালে তাদের আদালতে হাজির করা হবে।
এদিকে রোববার ভোরে থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজন চরমপন্থীকে আটক করে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ড. মির্জা গোলাম সারোয়ার জানান, তাহেরপুর থেকে হজরত ওরফে হজ (৩৫), চেউখালীর বাবুল ওরফে রশিদ (৩৭) ও পলাশির ইসলামকে (২৮) পুলিশ গ্রেপ্তার করেছে। তার তিন জনই পূর্ববাংলা কমিউনিস্ট পাটির সক্রিয় সদস্য।
দুপুরে ওই তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৯২৪ ঘ.
bdnews24