সিলেট, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার করচার হাওরে শনিবার নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া পাঁচজন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানা ও এলাকাবাসী সূত্র জানায়, শনিবার রাতেই নিখোঁজ হওয়া রিপা আক্তারের (৩০) মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর সারারাত পুলিশ ও এলাকাবাসী চেষ্টা চালিয়ে রোববার সকাল ৮টার দিকে অপর চারজন যাত্রী- সৌরভ (৮), শাহ আলম (৪), শরীফ (৪), জয়ফুল বেগমের (৪০) মৃতদেহ উদ্ধার করে।
বিশম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সারারাত চেষ্টা চালিয়ে জাল ফেলে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার সুনামগঞ্জের গৌরারং ইউনিয়নের শাপলা গ্রামের ২২ জন যাত্রীকে নিয়ে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা বিশ্বম্ভরপুর বাজারের কাছে করচার হাওরে বাতাসের তোড়ে ডুবে যায়। যাত্রীরা সবাই বিশম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এক রোগীকে দেখে বাড়ি ফিরছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রাতানাধ/আরএ/এসএনডি/১৭১০ ঘ.
bdnews24