ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- গোয়েন্দা সংস্থা একের পর এক রাজনৈতিক নেতাদের ধরে নিয়ে গিয়ে ইচ্ছেমতো স্বীকারোক্তি আদায় করছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। সভ্য সমাজ ও গণতান্ত্রিক ব্যবস্থায় এটি চলতে পারে না বলেও মন্তব্য করেছেন ক্ষুব্ধ হাসিনা।
রোববার দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন ক্যান্সার আক্রান্ত সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনকে দেখে বের হয়ে আসার পর অপেক্ষমান সাংবাদিকদের তিনি একথা বলেন।
প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সমালোচনা করে শেখ হাসিনা বলেন বলেন, "ডিজিএফআই নেতাদের ধরে নিয়ে যাবে, তাদের বউ ছেলে মেয়েদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেবে- এই ভয়ে অনেকে অনেক কিছু বলছেন। ছেলে-মেয়ে-বউসহ গুষ্টিশুদ্ধ সবাইকে ধরে নেওয়া হবে, ভয় দেখাবে-মারবে, এটা সভ্যতা হতে পারে না।"
তিনি বলেন, "আমি নেতা-কর্মীদের বলে দিয়েছিলাম, মার খাওয়া থেকে বাঁচার জন্য যা বলতে বলে তাই বলে আসবেন। আমার বিরুদ্ধে বলতে বললে তাও বলবেন। বন্দিদশায় কে কী বলেছে না বলেছে তার গুরুত্ব আর কতোটুকু। "
তিনি সরকারের প্রতি 'এসব' বন্ধ করার আহ্বান জানান।
প্রসঙ্গত, যৌথবাহিনীর হাতে আটক শীর্ষস্থানীয় বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা জিজ্ঞাসাবাদে শেখ হাসিনার বিরুদ্ধে দল পরিচালনায় একক কর্তৃত্ব এবং দুর্নীতি ,ঘুষ ও চাঁদাবজির অভিযোগ এনেছে বলে একাধিক সংবাদপত্রে খবর বেরিয়েছে। হাসিনা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন। তবে রোববার সাংবাদিকদের সামনে দীর্ঘক্ষণ কথা বলার সময় তিনি নাম ধরে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সমালোচনা করেন।
হাসিনা বলেন, "গোয়েন্দা সংস্থার মূল দায়িত্ব দেশের নিরাপত্তা রক্ষা করা। রাজনীতি করা, নতুন দল গড়া বা পুরনো দল ভাঙা তাদের কাজ নয়। দেশে একটি সংবিধান আছে তা মেনেই চলতে হবে। সংবিধান লঙ্ঘন করে কখনও দেশের ভাল করা যায় না।"
সরকারের উদ্দেশে তিনি বলেন, "আমি বলবো গোয়েন্দা সংস্থাকে রাষ্ট্রের নিরাপত্তা পালনের কর্তব্য পালন করতে দেওয়া হোক। রাজনীতিটা রাজনীতিবিদরাই করুক।"
বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "আমরা এখন কোন সমাজে বাস করছি? ইকবাল মাহমুদ টুকুর বাচ্চা মেয়েটাকে ধরে নিয়ে গেছে। এটা মানবাধিকার লঙ্ঘন।"
সাবেক প্রধানমন্ত্রী বলেন, "পাঁচ বছর ক্ষমতায় ছিলাম, তারপর কেউ দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। এখন দুর্নীতিবাজ বানাতেই হবে। আমি কোনও চাঁদা নেইনি, দুর্নীতি করিনি। তবু আমার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হচ্ছে। আমার বাবার সম্পত্তি দেশের মানুষের জন্য খুলে দিয়েছি। বঙ্গবন্ধু ট্রাস্ট ফান্ড খুলেছি। যেখানে ১২ শ' ছেলে মেয়ের লেখাপড়ার খরচ যোগানো হয়। এখন এ ফান্ডের অর্থের উৎস খোঁজা হচ্ছে। এখানে আসার সময়ও একটা চিঠি পেয়েছি।"
সরকারের সমালোচনা করে তিনি বলেন, "আমরা ১০ টাকা চাল, ২৮ টাকায় সয়াবিন খাইয়েছি। আমরা পারলে এ সরকার পারবে না কেন? দ্রব্যমূল্য বেড়েছে কিন্তু মানুষের আয় বাড়েনি। কর্মসংস্থানের অভাবে এখন চুরি ছিনতাই বাড়ছে। জনজীবনের নিরাপত্তা বিঘি
bdnews24