সিলেট, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিলেটের আঞ্চলিক সেটেলমেন্ট কার্যালয়ের ২৯ জন সেটেলমেন্ট কর্মকর্তাকে একসঙ্গে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগের চার জেলা ও বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্ত ওই সব কর্মকর্তাদের বদলির আদেশ দিয়েছে সরকার।
সিলেট সেটেলমেন্ট অফিস সূত্র জানায়, গত বৃহস্পতিবার জারি করা এক আদেশে সিলেটে ডেপুটেশনে কর্মরত ১৪ জনকে এবং সিলেট অফিসের নিজস্ব ১৫ জনকে বদলি করা হয়েছে।
সেটেলমেন্ট সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা মো. আবদুর রউফ শনিবার এ বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "সেটেলমেন্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ হয়ত ছিল, এজন্য কেন্দ্রীয় অফিস তাদের বদলি করতে পারে।"
সিলেট সেটেলমেন্ট আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, ভূমি বিষয়ক কর্মকাণ্ড তদারকির কাজে সিলেট অঞ্চলে ওই কার্যালয়ের অধীন ১৫ জন এবং পদ শূন্য থাকায় ময়মনসিংহ অঞ্চল থেকে ডেপুটেশনে আরও ১৪ জনসহ মোট ২৯ জন কর্মরত ছিলেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা রকম অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তর থেকে ১৯৯৭ সালে একবার বদলির আদেশ জারি করা হয়েছিল। কিন্তু তখন প্রভাবশালীদের হস্তক্ষেপে বদলি ঠেকানো হয়।
বৃহস্পতিবারের নতুন আদেশে ময়মনসিংহ থেকে ডেপুটেশনে সিলেটে কর্মরত সেটেলমেন্ট কর্মকর্তা ইউসুফ ভূঁইয়া, সোলেমান খান, আবদুল মালেক, নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম (২), হুমায়ূন কবীর, শফিকুল ইসলাম, আবদুল মান্নান, ধ্র"ব রঞ্জন দেব, আবদুল গফুর মিয়া, নজরুল ইসলাম(৩), নজরুল ইসলাম সাহেল, মোতাহার হোসেন খন্দকার ও সিলেট অফিসের গিয়াসউদ্দিন, মহিতোষ চন্দ্র দাস, জাকির হোসেন, জাফর আহমদ, বদরুল আমিন চৌধুরী, আবদুল হাই গাজী, এস এম শাহিন, আসাদুজ্জামান ফেরদৌস, আলী আক্কাছ, মোক্তার আহমদ, রফিক মিয়া, আবদুল হাই আজাদ, এস এম শাহীন, নজরুল ইসলাম, আ ন ম আবুল ফয়েজকে যশোর, নোয়াখালীসহ বিভিন্ন অঞ্চলে বদলি করা হয়েছে।
রোববারের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে বলে সিলেট সেটেলমেন্ট অফিস সূত্র জানিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০০৩ ঘ.
bdnews24