২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় সাবেক সাংসদের বিরুদ্ধে মামলার বাদীর ওপর হামলা

নওগাঁ-৪ আসনের সাবেক বিএনপি সাংসদ শামসুল আলম প্রামানিকের বিরুদ্ধে জঙ্গিমদদ ও চাঁদাবাজি মামলার বাদীর ওপর হামলা হয়েছে। শুক্রবার মান্দা উপজেলায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে তাকে আত্রাই নদীর ধারে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। শনিবার ভোরে আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 10:52 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

নওগাঁ, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নওগাঁ-৪ আসনের সাবেক বিএনপি সাংসদ শামসুল আলম প্রামানিকের বিরুদ্ধে জঙ্গিমদদ ও চাঁদাবাজি মামলার বাদীর ওপর হামলা হয়েছে। শুক্রবার মান্দা উপজেলায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে তাকে আত্রাই নদীর ধারে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। শনিবার ভোরে আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। হাসপাতালে শুয়ে আজিজুল মোবাইল ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-এর কাছে দাবি করেন, সাবেক সাংসদের বিরুদ্ধে মামলা করায় তাকে হত্যার উদ্দেশ্যেই ওই হামলা হয়। তবে পুলিশ বলছে, হত্যার উদ্দেশ্যেই এ হামলা হয়েছে কিনা, তা পুরোপুরি স্পষ্ট নয়। আজিজুল জানান, শুক্রবার রাত ১টার দিকে বাঁশপাড়া গ্রামে তার বাড়িতে হানা দেয় সন্ত্রাসীরা। তারা জানালা ভেঙ্গে ঘরে ঢুকে চোখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়। পরে তাকে কুপিয়ে নদীর ধারে ফেলে রেখে যায়। মান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক আহম্মদ আলী জানান, আজিজুলের ক্ষতগুলো গভীর নয়। চামড়ার ওপর আঁচড় কেটেছে মাত্র। তিনি আশঙ্কা মুক্ত। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার সোহেল আহমেদ বলেন, আজিজুলের শরীরে যে আঘাতের চিহ্ন রয়েছে, তাতে মনে হয় না হত্যার উদ্দেশ্যে ওই হামলা হয়েছে। কারণ অনেকগুলো আঘাতের চিহ্ন থাকলেও ক্ষতগুলো গভীর নয়। তবে এ ঘটনায় আজিজুল বা তার পরিবার মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। এদিক শনিবার বিকালে মান্দা থানায় যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস ফকির জানান, বিকাল পর্যন্ত এ বিষয়ে কোনও মামলা হয়নি। বিষয়টি নিয়ে সাবেক সাংসদ শামসুল আলমের সঙ্গে যোগাযোগের জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়। মুরগির খামার মালিক আজিজুল আলম গত বুধবারই জঙ্গিদের মদদ দেওয়া এবং ৭০ হাজার টাকা চাঁদাবাজির অভিযোগে শামসুল আলম প্রামানিকসহ ১৩ জনকে আসামী করে নওগাঁ আমলি আদালতে মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৮ ঘ.