ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দেশের সব বিপণি বিতান সন্ধ্যা সাতটার পরিবর্তে রাত আটটা পর্যন্ত খোলা রাখতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।
শনিবার দুপুরে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, "শর্ত সাপেক্ষে রাত আটটা পর্যন্ত দোকান পাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দোকান মালিকদের প্রতি শর্ত হচ্ছে এ সময়ে মার্কেট ও দোকানে সীমিত আকারে বিদ্যুৎ ব্যবহার করতে হবে।"
উপদেষ্টা আরো বলেন, "বিদ্যুতের ব্যবহার সীমিত করতে ফ্লোরোসেন্ট বাল্ব বা পাওয়ার সেভিংস বাল্ব ব্যবহার করা হবে বলে দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ বিদ্যুৎ উপদেষ্টাকে প্রতিশ্র"তি দিয়েছেন। দু এক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।"
রোববার বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরীর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে রাত আটটা পর্যন্ত বিপণি বিতান খোলা রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়।
বৈঠকে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়, মাকের্ট ও দোকান পাটে ব্যবহৃত বিদ্যুতের পঞ্চাশ শতাংশ কমিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে পাওয়ার সেভিংস বাল্ব ব্যবহার করবেন তারা।
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গত ২৫ ফেব্র"য়ারি সন্ধ্যা সাতটা থেকে দেশের সব মার্কেট এবং বিপণি বিতান বন্ধ রাখার সরকারি আদেশ কার্যকর হয়।
এ আদেশের ফলে দেশের সব মেগাশপ, শপিংমল, বিপণি বিতান, মার্কেট এবং রাস্তার দোকানপাট সন্ধ্যা ৭টার পর থেকে বন্ধ থাকে। তবে কাঁচাবাজার, পাড়া-মহল্লার ছোট দোকান, ওষুধের দোকান, রেস্তোরাঁসহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের আওতায় ছিলনা।
সাতটার পর মার্কেট ও বিপনি বিতান বন্ধ থাকায় প্রতিদিন পিক আওয়ারে ৩০০-৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়েছে বলে রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরী।
একই দিন বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান বলেন, দোকানপাট আটটা পর্যন্ত খোলা রাখলে ব্যবসায়ীদের অনেক সুবিধা হবে। এক ঘন্টা বাড়ার কারণে প্রতিদিন মোট বিক্রির পরিমাণ ৩০ শতাংশ বাড়বে বলে মনে করেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/জিএনএ/১৬১০ ঘ.
bdnews24