চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ডিলাররা সার পেতে শুরু করলেও সঙ্কট এখনো পুরোপুরি কাটেনি। ডিলারদের দোকানগুলোতে শুক্রবারও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সারের জন্য অপেক্ষা করতে দেখা গেছে কৃষকদের। চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন তারা। তবে কৃষিবিভাগের দাবি, শুক্রবার সকাল থেকে সার সরবরাহ অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।
এদিকে বুধবার সারের দাবিতে উপজেলা পরিষদ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় সরকার প্রকৌশলী মাহবুবুল আলম বৃহস্পতিবার রাতে নাচোল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
কৃষকদের হামলায় আহত নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর মোরশেদ ছুটি নেওয়ায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম শুক্রবার সকাল থেকে নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
শুক্রবার নাচোলের বিভিন্ন এলাকা ঘুরে সার ডিলারের গুদামগুলোতে দীর্ঘ লাইন দেখা গেছে। ভোর থেকেই কৃষকরা টোকেন হাতে সারের জন্য লাইনে দাঁড়াতে শুরু করেন।
নাচোল বাজারের সার ডিলার মেসার্স হাবিবুর রহমান এন্ড ব্রাদার্সের সামনে দাঁড়িয়ে খড়িবোনা বেলপুকুরের ভুলু মণ্ডল জানান, এবার ৭ বিঘা জমিতে আউশের আবাদ করছেন তিনি। কিন্তু পেয়েছেন মাত্র ১ বস্তা সার। প্রয়োজনের তুলনায় সারের এই পরিমাণ একবারেই কম বলে জানান তিনি।
নাচোল বাজারের অন্য দুই সার ডিলার মেসার্স সিরাজুল হক ও জামিরুল এ্যান্ড ব্রাদার্সের সামনে কসবা গ্রামের আব্দুল হামিদ, ফতেপুর বাজারের মতিন, আব্দুল, সোবহান, চন্দ্রাইল গ্রামের আলমগীর জানান, তারাও প্রয়োজন মতো সার পাচ্ছেন না। ডিলাররা কৃষকদের বিঘা প্রতি ১৫ কেজি করে সার দিচ্ছে।
মেসার্স সেরাজুল ইসলামের স্বত্বাধিকারী মো. সেরাজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেল থেকেই নাচোলের ১০ ডিলারের কাছে সার আসতে শুরু করেছে। সব গুদামেই সারের মজুদ আছে। কিন্তু বিতরণ ব্যবস্থায় ত্র"টির কারণে সঙ্কট কাটছেনা।
অবশ্য উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ দাবি করেছেন, বিতরণ ব্যবস্থায় যে ত্র"টি ছিল তা সংশোধন করা হয়েছে। এখন কোন সমস্যা নেই। উপজেলার ৪টি ইউনিয়ন ও একটি পৌর এলাকায় সুষ্ঠুভাবে সার বিতরণ চলছে। আপাতত সারের কোনো সঙ্কট নেই।
এদিকে নাচোল উপজেলা পরিষদে হামলা, ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের ঘটনার তদন্তে গঠিত ৩ সদস্যের কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, তদন্ত শেষ হয়েছে। শিগগিরই জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দেওয়া হবে। ওই প্রতিবেদনে সার বিপণন ব্যবস্থা সম্পর্কে কিছু সুপারিশও থাকবে। তবে এতে কী কী সুপারিশ থাকবে তা জানাতে রাজি হননি তিনি।
এদিকে, উপজেলা পরিষদে ভাঙচুরের ঘটনার পর সেখানে মোতায়েন এক পুলিশ সদস্যের সাব মেশিনগান থেকে শুক্রবার সকালে অসাবধানতাবশত ১২ রাউন্ড গুলি বেরিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও গুলির শব্দে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপজেলা পরিষদে গুলি বর্ষণ হয়েছে বলে গুজবও ছড়িয়ে পড়ে গোটা উপজেলায়। পরে প্রকৃত ঘটনা জানতে পেরে আশ্বস্ত হন স্থানীয় বাসিন্দারা।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান জানান, রাজশাহী রিজার্ভ ফোর্সের হাবিলদার নকিব সাব মেশিনগানটি একটি চেয়ারে রেখে টয়লেটে যায়। এ সময় নাচোল থানার পুলিশ কনস্টেবল আব্দুল আওয়াল অস্ত্রটি চেয়ার থেকে নামিয়ে নিচে রাখতে গেলে অসাবধানতাবশত সাব মেশিনগান থেকে পর পর ১২ রাউন্ড গুলি বেরিয়ে য়ায়।
ফজলুর রহমান জানান, ওই স্থানে আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা ৩ পুলিশ সদস্যকে সঙ্গে সঙ্গে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় নাচোল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০৩৯ ঘ.
bdnews24