সিলেট, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভোটার তালিকার কাজ শেষ হলে সিটি কর্পোরেশন ও গুরুত্বপূর্ণ পৌরসভাগুলোতে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবে সরকার।
এ কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। তিনি বলেন, যে এলাকায় তালিকা তৈরির কাজ আগে শেষ হবে, সে সব এলাকায় নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে।
স্থানীয় সরকার উপদেষ্টা শুক্রবার সকাল ১০টায় সিলেটের খাদিমনগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনিস্টিটিউট (বিআরডিটিআই) এর অডিটরিয়াম উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইকবাল বলেন, "দেশের এক সঙ্কটজনক মুহূর্তে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। দেশপ্রেমিক সশস্ত্রবাহিনীর সমন্বয়ে প্রতিষ্ঠানিক সংস্কার কর্মসূচি চলছে। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্মকমিশন, নির্বাচন কমিশন পুনর্গঠন করা হয়েছে। সাংবিধানিক এসব প্রতিষ্ঠানের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল। ক্রমেই সে আস্থা ফিরে আসছে।"
স্থানীয় সরকারে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, "স্থানীয় সরকারকে সত্যিকার অর্থে শক্তিশালী করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে।"
আনোয়ারুল ইকবাল বলেন, "দেশ দুর্নীতিতে ডুবে গিয়েছিল। আমরা তা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছি। দুঃস্বপ্ন থেকে আমরা জেগে উঠেছি। তবে আর যেন সেই দুঃস্বপ্নে আমাদের ফেরৎ যেতে না হয় তা খেয়াল রাখতে হবে।"
বর্তমান সরকার একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করছে বলে জানান তিনি।
উপদেষ্টা বলেন, "ইতোমধ্যে ভোটার তালিকায় কাজ শুরু হয়েছে। ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। ভোটার তালিকার কাজ শেষ হলে এলাকাভিত্তিক গুরুত্বপূর্ণ পৌরসভা বা সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব। আগে যে এলাকায় তালিকার কাজ শেষ হবে সে এলাকায় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা যেতে পারে।"
সিলেটসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র গ্রেপ্তারের প্রসঙ্গে আনোয়ারুল ইকবাল বলেন, "মেয়রের অনুপস্থিতিতে কাজ চালানোর জন্য তিন সদস্যের মেয়র প্যানেল করা হবে, যার এক জন হবেন নারী। এখন তা সরকার করে দেবে। পরে নির্বাচিত পরিষদ তাদের প্রথম সভায় ওই প্যানেল নির্বাচন করবে।"
প্রবাসীবহুল সিলেটসহ অন্যান্য অঞ্চলের মানুষের পাসপোর্ট সংক্রান্ত দুর্ভোগ লাঘবে যে ব্যাংকে টাকা জমা দেওয়া হবে সে ব্যাংক থেকেই পাসপোর্ট দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে তিনি জানান।
কর আদায়ের ওপর জোর দিয়ে উপদেষ্টা জানান, আগামীতে কর আদায়ের হারের ওপর ভিত্তি করেই সরকারি অনুদান দেওয়া হবে।
জাফলংয়ে জেলা পরিষদের ব্যবস্থাপনায় একটি ক্যাফেটেরিয়া ও সিলেটে ক্যাটারিং ইন্সিটিটিউট স্থাপনের আশ্বাস দেন উপদেষ্টা। পাশাপাশি সারাদেশে ভাষাশহীদ ও বীরশ্রেষ্ঠদের গ্রামের বাড়িতে জাদুঘর ও পাঠাগার স্থাপন করা হবে বলে জানান তিনি।
সিলেট বিভাগীয় কমিশনার আজিজ হাসান এর সভাপতিত্বে বিআরডিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেটের উপ মহাপুলিশ পরিদর্শক শাহ জামাল রাজ, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মনজুর কাদের খান, জেলা প্রশাসক হারুন উর রশীদ খান, পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক সদরুল আলম তালুকদার, বিআরডিটিআই এর পরিচালক এ কে এম এনায়েতুল্লাহ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক আব্দুস সোবহান শিকদার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/এমএইচবি/১৮৫১ ঘ.
bdnews24